ক্যাটাগরি: সারাদেশ

শিবপুরে বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন চাঁন মিয়া মাস্টারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

নরসিংদীর শিবপুর উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি, জয়নগর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন চাঁন মিয়া মাস্টারের স্মরণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) শিবপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। তিনি বলেন, “মমতাজ উদ্দিন চাঁন মিয়া মাস্টার ছিলেন একজন আদর্শবান নেতা ও দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা। দেশের স্বাধীনতা ও জনগণের অধিকার আদায়ে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার এবং সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার।

অনুষ্ঠানে বক্তারা মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার আদর্শ অনুসরণের আহ্বান জানান।

অনুষ্ঠানে মরহুমের বড় ছেলে মাহমুদুল হাসান টুটুল, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, রূপালী ব্যাংক পিএলসি উপস্থিত সকলের প্রতি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:-
শেয়ার