ক্যাটাগরি: রাজধানী

চাঁদাবাজি বন্ধ হলে দ্রব্যমূল্য অর্ধেক কমে যাবে: ড. হেলাল উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড হেলাল উদ্দিন বলেছেন, ‘‘চাঁদাবাজি বন্ধ হলে দ্রব্যমূল্য অর্ধেক কমে যাবে”। পল্টন থানার উদ্যোগে রোববার (১৫ মার্চ) শান্তিনগর এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

ড. হেলাল সরকারের উদ্দেশ্যে বলেন, যদি চাঁদাবাজি বন্ধ করা সম্ভব না হয়, তাহলে ভর্তুকির মাধ্যমে হলেও মানুষকে স্বস্তি দিতে হবে। তবে সেই ভর্তুকি ঋণ করে নয়, বরং সরকারের দলীয় তহবিল বা চাঁদার কমিশন থেকে দিলে জনগণ উপকৃত হবে। তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে সরকারঘনিষ্ঠ ব্যবসায়ী সিন্ডিকেট ও দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি দায়ী। এসব বন্ধ করতে পারলে নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে মানুষের দূর্ভোগ বৃদ্ধি পায় এবং দারিদ্রতার হার বেড়ে যায় বলেও তিনি দাবি করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্টন থানা জামায়াতের আমীর এডভোকেট মারুফুল ইসলাম এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান। এছাড়া সাবেক কাউন্সিলর খন্দকার আব্দুর রব, পল্টন থানা সহকারী সেক্রেটারি মুস্তাফিজুর রহমান শাহীন, এনামুল হক, থানা কর্মপরিষদ সদস্য আ.ফ.ম ইউসুফ, নজরুল ইসলাম মজুমদার,শামীম হাসনাইন, নুরুল আবসার প্রমুখসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

ড. হেলাল উদ্দিন বলেন, “জুলাই সনদ শোষণের হাত থেকে মানুষের মুক্তির সনদ।” ফ্যাসিবাদমুক্ত বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই।

তিনি আরও বলেন, যারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না তারা মূলত এদেশে আবারও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। শেখ হাসিনার তৈরি সংবিধান রক্ষায় যারা উঠেপড়ে লেগেছে তারা শেখ হাসিনার মতোই মানুষের উপর জুলুম করবে, দুর্নীতি করবে। এ সময় তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংবিধান ও নির্বাচনের বৈধতা নিয়ে জাতির সামনে তাদের অবস্থান পরিষ্কার করা উচিত।

তিনি আরও বলেন, আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যেই দিন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেই দিন হাসিনার সংবিধান ছুঁড়ে ফেলা হবে।

তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যদি আপনার সরকারকে জনগণের সরকার মনে করেন তবে বেগম জিয়ার আকাঙ্খায় উজ্জীবিত হয়ে জাতির প্রত্যাশা বাস্তবায়নে হাসিনার তৈরি সংবিধান ছুঁড়ে ফেলে জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠন করুন। জনগণের প্রত্যাশা পূরণে যেকোনো কাজে জামায়াতে ইসলামী সরকারকে সহযোগিতা করবে। তবে জনগণের প্রত্যাশার প্রতিফলন না হলে জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে।

এমএন

শেয়ার করুন:-
শেয়ার