ক্যাটাগরি: আন্তর্জাতিক

‘মাত্র তো শুরু’, লেবাননে সেতু উড়িয়ে দিয়ে বললেন ইসরাইলি মন্ত্রী

লেবাননের সরকারকে আবারও হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। তিনি বলেছেন, লেবানন সরকার হিজবুল্লাহকে নিরস্ত্র না করলে, ইসরাইল দেশটির বিরুদ্ধে হামলা আরও জোরদার করবে।

শুক্রবার (১৩ মার্চ) লেবাননের লিতানি নদীর ওপর একটি সেতু ইসরাইলি সামরিক হামলায় ধ্বংস হওয়ার পর কাৎজ বলেন, ‘এটা শুধু শুরু মাত্র।’

ইসরাইলের ওয়াইনেট নিউজে প্রকাশিত মন্তব্যে তিনি বলেন, লেবাননের সরকার হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ এবং জনগণকে বিভ্রান্ত করেছে। হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে দেশটির জাতীয় অবকাঠামোর ক্ষতির মাধ্যমে চড়া মূল দিতে হবে।

রয়টার্স জানিয়েছে, দক্ষিণ লেবাননের যারারিয়াহ এলাকার লিতানি নদীর ওপর অবস্থিত সেতুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। যুদ্ধ শুরুর পর এই প্রথম ঘোষণা দিয়ে নাগরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাল ইসরাইল।

দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, সেতুটি উত্তর ও দক্ষিণ লেবাননের মধ্যে চলাচলের জন্য হিজবুল্লাহ যোদ্ধাদের একটি গুরুত্বপূর্ণ পারাপারের পথ হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

ইসরাইলি সেনাবাহিনীর দাবি, এই সেতুর আশেপাশে হিজবুল্লাহ রকেট লঞ্চার স্থাপন করেছিল এবং ইসরাইলের দিকে হামলা চালিয়েছে। তবে তারা এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের নাগরিকদের নিরাপত্তার হুমকি দূর করতে এই সেতুটি ধ্বংস করা প্রয়োজন ছিল।

সূত্র: টাইমস অব ইসরাইল, আল জাজিরা

এমএন

শেয়ার করুন:-
শেয়ার