ক্যাটাগরি: রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে সরকার: ড. হেলাল উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, নির্বাচনের আগে গণভোটে “হ্যাঁ” ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সরকার এখন সেই গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে।

সোমবার (৯ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানার বায়তুল মোকাররম সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হেলাল উদ্দিন বলেন, বর্তমান প্রধানমন্ত্রী প্রকাশ্যে জনসভায় দেশবাসীকে জুলাই সনদের পক্ষে গণভোটে “হ্যাঁ” ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। জনগণ সেই আহ্বানে সাড়া দিয়ে গণভোটে হ্যাঁ ভোট দিলেও সরকার এখন সেই রায় বাস্তবায়নের পরিবর্তে বিষয়টি আদালতের দিকে ঠেলে দিচ্ছে।

তিনি দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির সুযোগ থাকবে না বলেই সরকার তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে কোনো ধরনের ষড়যন্ত্র করা হলে ছাত্র-জনতা তা প্রতিহত করবে।

সভায় ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আসন্ন ঈদুল ফিতরের আগে চাঁদাবাজদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনের আগে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় গেলে সন্ত্রাস ও চাঁদাবাজি দমন করা হবে। কিন্তু সরকার গঠনের এক মাস পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বরং খুন, ধর্ষণ, সন্ত্রাস ও চাঁদাবাজির ঘটনা বেড়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকারের প্রতি জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানান।

বায়তুল মোকাররম সাংগঠনিক ওয়ার্ড সভাপতি এনামুল হক শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান, পল্টন থানা আমীর এডভোকেট মারুফুল ইসলাম, পল্টন থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম এবং সাবেক কাউন্সিলর খন্দকার আব্দুর রব। সভায় বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের সহস্রাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সভা শেষে ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল দক্ষিণ থানার আরামবাগ ওয়ার্ড আয়োজিত আরেকটি ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন ড. হেলাল উদ্দিন।

তিনি বলেন, রমজান মাস ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে পরিশুদ্ধ করার মাস। তাকওয়া অর্জনের মাধ্যমে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যায়ের পথ থেকে দূরে থাকা সম্ভব। ব্যক্তি ও নেতৃত্বের মধ্যে আল্লাহভীতি থাকলে সমাজ ও রাষ্ট্রে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা সহজ হয়।

তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি বন্ধ করা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। সন্ত্রাস ও রাজনৈতিক অস্থিরতাও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

মতিঝিল দক্ষিণ থানার আরামবাগ ওয়ার্ড সভাপতি মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর মজলিসে শুরা সদস্য ও মতিঝিল দক্ষিণ থানা আমীর মাওলানা মুতাছিম বিল্লাহ। এছাড়া মতিঝিল দক্ষিণ থানা ও আরামবাগ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:-
শেয়ার