ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশ-এর পেশাদারিত্ব, নিষ্ঠা ও সমন্বিত উদ্যোগের প্রশংসা করেছেন ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান এইচ. ই. মি. রজার ক্লেটন।
সোমবার (৯ মার্চ) রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্স-এ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির-এর সঙ্গে সাক্ষাৎ করেন ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের প্রতিনিধিদল। এ সময় প্রতিনিধিদল বা মিশনের প্রধান এইচ. ই. মি. রজার ক্লেটন এসব কথা বলেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলপ্রধান রজার ক্লেটন বলেন, নির্বাচনকালে পুলিশের পেশাদারিত্ব, প্রশিক্ষণ এবং দায়িত্ব পালনে সমন্বিত পদক্ষেপ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রশিক্ষণ, দায়িত্ব পালনের সময় বডিওর্ন ক্যামেরার ব্যবহার এবং নিরাপত্তা দায়িত্বসংক্রান্ত ‘পকেট বুক’ কার্যকর ভূমিকা রেখেছে।
এ সময় ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের পক্ষ থেকে আইজিপি মো. আলী হোসেন ফকিরের কাছে একটি প্রশংসাপত্র হস্তান্তর করা হয়।
আইজিপি বলেন, নির্বাচনকালে বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি জানান, বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে আসা পর্যবেক্ষক ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছিল।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
এমএন