স্ত্রীর পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যা, স্বামী গ্রেফতার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যার অভিযোগে স্বামী আবু সাঈদ ওরফে মিস্টার (৩৮)-কে গ্রেফতার করেছে র্যাব-১৩।
রোববার (৮ মার্চ) দুপুরে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার দিবাগত রাতে কালাই উপজেলা-র পুনট পূর্বপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবু সাঈদ গোবিন্দগঞ্জ উপজেলা-র সোনাতলা সাখইল গ্রামের মোস্তাফিজুর রহমান ওরফে সাহেব মিয়ার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, যৌতুকের জন্য মারধরের অভিযোগে গত বছরের ৬ অক্টোবর গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আবু সাঈদের বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী। মামলার পর থেকেই ওই গৃহবধূ তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এরপর মামলা মিমাংসা করার জন্য গত ১০ ফেব্রুয়ারি স্ত্রীকে বাড়িতে ডেকে নেন স্বামী আবু সাঈদ। এসময় মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেন তিনি। মামলা তুলে নিতে অসম্মতি জানালে আবু সাঈদ ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীর পেটে লাথি মারে। ফলে অন্তঃসত্ত্বা ওই নারীর রক্তপাত শুরু হলে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১১ ফেব্রুয়ারি অজাত শিশু মৃত অবস্থায় গর্ভপাত হয়। পরে ওইদিনই ওই গৃহবধূ বাদী হয়ে স্বামী আবু সাঈদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা এবং র্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট এর যৌথ আভিযানিক দল শনিবার দিবাগত রাত ১১টার দিকে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট পূর্বপাড়া গ্রাম থেকে আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।