ক্যাটাগরি: অর্থনীতি

ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি ৯.১৩ শতাংশ, খাদ্যে অস্বস্তি আরও বেড়েছে

দেশে গত ফেব্রুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ১৩ শতাংশে। একই সময়ে খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতেই মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের ব্যয়চাপ আরও বাড়িয়েছে।

রোববার (৮ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৫৫ শতাংশ বেড়ে ৯ দশমিক ১৩ শতাংশে দাঁড়িয়েছে। এর আগের মাস জানুয়ারিতে এই হার ছিল ৮ দশমিক ৫৮ শতাংশ।

অস্বস্তি বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিতেও। ফেব্রুয়ারি মাসে খাদ্য মূল্যস্ফীতি ১ দশমিক ০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩০ শতাংশে। জানুয়ারি মাসে যেটি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ।

এদিকে জানুয়ারি মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৮১ শতাংশ থাকলেও ফেব্রুয়ারি মাসে সেটি বেড়ে ৯ দশমিক ০১ শতাংশে দাঁড়িয়েছে।বেড়েছে শূন্য দশমিক ২০ শতাংশ।

এছাড়া ফেব্রুয়ারি মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৫৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ২১ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ০৭ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৪ শতাংশ।

ফেব্রুয়ারিতে শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৭ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৭ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৫৭ শতাংশ।

এমএন

শেয়ার করুন:-
শেয়ার