ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান অনতিবিলম্বে তথ্য অধিকার কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন।
রোববার (৮ মার্চ) এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
ড. ইফতেখারুজ্জামান বলেন, “নারী অধিকার ও তথ্য অধিকার আন্দোলন এক সূত্রে গাঁথা। গোপনীয়তার সংস্কৃতি থেকে উদারতার সংস্কৃতিতে যাওয়া সহজ নয়। তথ্য অধিকার বাস্তবায়নে আমরা এখনও অনেক পিছিয়ে আছি। গত ১৬–১৭ বছরে এটিকে স্বাভাবিক প্রক্রিয়ায় পরিণত করা হয়েছে, তবে ঘাটতি এখনো রয়ে গেছে।”
তিনি আরও বলেন, মানবাধিকার কমিশনের মতো তথ্য অধিকার কমিশন এখনও গঠিত হয়নি। অন্তর্বর্তী সরকারও এ ক্ষেত্রে কোনো সুফল আনতে পারেনি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে গোপন করা হয়েছে।
এ সময় অনতিবিলম্বে তথ্য অধিকার কমিশন গঠন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কমিশনারদের পদমর্যাদা গঠন করে দেয়ার দরকার আইনের মাধ্যমে। বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়াতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির ইশতেহারে অন্তত ৬টি ধারায় তথ্যের অধিকারের কথা উল্লেখ করা আছে। তাই নতুন সরকারের কাছে এই ইশতেহার সুষ্ঠুভাবে বাস্তবায়নের আহ্বান জানাই। আমরাও সেটি পর্যবেক্ষণ করবো।
এমএন