রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর ১৪ থেকে ১৫ বার বিদেশ সফরে গেলেও একবারের জন্যও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে আসেননি। গত শুক্রবার একটি বেসরকারি গণমাধ্যমকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এই অভিযোগ করেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা সংবিধানের কোনো বিধানই সঠিকভাবে মেনে চলছেন না।
সংবিধানে বলা আছে, উনি যখনই বিদেশ সফরে যাবেন, সেখান থেকে ফিরে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এবং আমাকে ওই আউটপুটটা জানাবেন। কী আলোচনা হলো, কী হলো, কোনো চুক্তি হলো কি না, কী ধরনের কথাবার্তা হলো, এটা আমাকে লিখিতভাবে অবহিত করার কথা। তো, উনি তো বোধহয় ১৪ থেকে ১৫ বার বিদেশ সফরে গেছেন। একবারও আমাকে জানান নাই। একবারও আমার কাছে আসেননি।
রাষ্ট্রপতি বলেন, উনি যে প্রধান উপদেষ্টা হলেন, সেই প্রক্রিয়ার উৎসই ছিলাম আমি। অর্থাৎ, আমার উদ্যোগেই এই সরকার গঠনের প্রক্রিয়াটি শুরু হয়। কিন্তু প্রধান উপদেষ্টা পরবর্তী সময়ে আমার সঙ্গে সেভাবে সমন্বয় করেননি। এটি আসলে বোঝানোর কোনো উপায়ও নেই। কেননা তিনি একটিবারের জন্যও আমার কাছে আসেননি। আমাকে সম্পূর্ণভাবে আড়ালে রাখার চেষ্টা করে গেছেন।
রাষ্ট্রপতি বলেন, ড. ইউনূস আমার পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থানেই ছিলেন না। অবশ্য উনাকেও আমি সাহায্য চেয়ে কোনো আবদার করিনি। আমার মনোভাব ছিল, যা হচ্ছে হতে থাকুক, দেখা যাক কতদূর গড়ায়।
এমএন