আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর সমালোচনার ঝড় বইছে অস্ট্রেলিয়ার শিবিরে। এরই মধ্যে সামনে এসেছে আরও বড় প্রশ্ন, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে কি দেখা যাবে স্টিভ স্মিথ-ট্র্যাভিস হেডদের?
১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। লস অ্যাঞ্জেলেস গেমসে টি-টোয়েন্টি ফরম্যাটে ছয়টি দল অংশ নেবে বলে জানা গেছে। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র সরাসরি খেলবে, বাকি পাঁচটি স্থান মহাদেশভিত্তিক বাছাই বা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্ধারিত হতে পারে। যদিও চূড়ান্ত যোগ্যতা অর্জনের নিয়ম এখনও ঘোষণা করেনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
যদি আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিং বা সাম্প্রতিক বিশ্বকাপ পারফরম্যান্সকে মানদণ্ড ধরা হয়, তাহলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ায় তাদের র্যাঙ্কিংয়ে অবনমন হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নিয়ে নিজেদের অবস্থান মজবুত করেছে নিউজিল্যান্ড। সেমিফাইনালে উঠতে পারলে অলিম্পিকে সরাসরি সুযোগ পাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে কিউইদের। সে ক্ষেত্রে র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে টপকে গেলে বাছাইপর্ব খেলতে হতে পারে অজিদের।
তাহলে দ্বিতীয় সারির দলগুলোর বিরুদ্ধে লড়াই করে মূল পর্বে জায়গা নিশ্চিত করতে হবে স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেডদের।
এমএন