ক্যাটাগরি: রাজনীতি

শপথ নেওয়ার বিষয়ে যা জানাল এনসিপি

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রক্রিয়া নিয়ে বিএনপির আপত্তির কারণে আজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬ সংসদ সদস্য শপথ গ্রহণ করবেন কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নেননি। একইসঙ্গে বিএনপিও জানিয়েছে, তাদের নির্বাচিত সদস্যরা কেবল সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নেবেন, সংস্কার পরিষদের সদস্য হিসেবে নয়।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত হন।

শপথ শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, দলের কেউই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি এবং বর্তমান সংবিধানে এ পরিষদের বিধানও অন্তর্ভুক্ত হয়নি।

এমন বক্তব্যের পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচিতরা সংবিধান সংস্কার পরিষদের শপথ না হলে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন কিনা তা নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানান।

এনসিপির মিডিয়া সেলের এক সদস্য বলেন, ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা সংসদে বৈঠকে বসবেন কিছুক্ষণের মধ্যে, সেখানে শপথ বিষয়ে সিদ্ধান্ত হবে।

১১ দলীয় জোট ও এনসিপির নির্বাচিত এক প্রার্থীও একই কথা জানান। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না হলে আমরা শপথ নেব কিনা তা এখনো নিশ্চিত নয়।

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত বলেন, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আমাদের সদস্যরা কিছুক্ষণের মধ্যে সভায় বসবেন।

এমএন

শেয়ার করুন:-
শেয়ার