ক্যাটাগরি: রাজনীতি

সুনামগঞ্জে বিএনপির বাজিমাত, ৫ আসনেই ধানের শীষের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনেই নিরঙ্কুশ জয় লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আওয়ামী লীগ বিহীন এই নির্বাচনে অধিকাংশ আসনেই বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। তবে ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থীদের ধারেকাছেও ভিড়তে পারেননি অন্য কেউ।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী আসনভিত্তিক ভোটের চিত্র নিচে তুলে ধরা হলো:

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-মধ্যনগর-তাহিরপুর-জামালগঞ্জ)

চার উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল। ১৭৭টি কেন্দ্রের সবগুলোর গণনা শেষে তিনি পেয়েছেন ১ লাখ ৬৪ হাজার ২৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৮৯ হাজার ৩৩৪ ভোট। কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা)

এই আসনে ধানের শীষ প্রতীকে ৯৭ হাজার ৭৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নাছির উদ্দিন চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৮৫৮ ভোট। নাছির উদ্দিন চৌধুরী ৩৯ হাজার ৯৩২ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

ভোটের ফলাফল নিশ্চিত হওয়ার পর পরাজিত প্রার্থী শিশির মনির তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে বিজয়ী নাছির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন, যা এলাকায় রাজনৈতিক সম্প্রীতির দৃষ্টান্ত হিসেবে আলোচিত হচ্ছে।

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ)

এই আসনেও বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ। তিনি পেয়েছেন ৯৬ হাজার ৬৬৬ ভোট। এখানে তার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন নিজ দলের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন। তালা প্রতীক নিয়ে আনোয়ার হোসেন পেয়েছেন ৪১ হাজার ৯৮৪ ভোট। ৫৪ হাজার ৬৮২ ভোটের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেন কয়ছর আহমেদ।

সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বাম্ভরপুর)

জেলা সদরের এই গুরুত্বপূর্ণ আসনে বিএনপির প্রার্থী নূরুল ইসলাম নূরুল ৯৭ হাজার ৫৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. সামছ উদ্দিন পেয়েছেন ৭৪ হাজার ৭৪ ভোট। এছাড়া এই আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন ১৮ হাজার ৯১১ ভোট পেয়েছেন।

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার)

১ লাখ ৫১ হাজার ৯১৫ হাজার ভোট পেয়ে জিতেছেন ধানের শীষের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ।

শেয়ার করুন:-
শেয়ার