চুয়াডাঙ্গা পৌর এলাকার রিজিয়া খাতুন প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বাংলাদেশ জামায়েত ইসলামীর চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ডের আমির শরীফ হাসানকে (৫৫) নগদ টাকাসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কেন্দ্রের সামনে থেকে এ ঘটনা ঘটে।
নেজারত শাখার ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক শরীফ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। তার কাছে থেকে নগদ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মো. শরীফ পৌর এলাকার প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। স্থানীয়দের নজরে এলে তারা বিষয়টি জানায় পুলিশকে। কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে নগদ টাকাসহ আটক করে। পরে ঘটনাস্থলে উপস্থিত হন নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ।
স্থানীয় বাসিন্দা পারভেজ খান বলেন, ‘জামায়াত নেতা শরীফ ভোটারদের নগদ টাকা বিতরণ করছিলেন। আমরা বিষয়টি দেখেছি।’
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ বলেন, ওই জামায়াত নেতা টাকা রাখার বিষয়টি প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছেন। এ ব্যাপারে শরীফ হাসানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) সহিদুর রহমান জানান, পুলিশের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে শরীফ হাসানকে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা ওলামা জামায়েতর সভাপতি শুকুর আলী জানান, বিষয়টি পরিকল্পিত। যে টাকাগুলো ধরা হয়েছে, সেগুলো খাবার ও ভ্যানভাড়ার জন্য তার কাছে ছিলো।