রাজশাহীতে ভোটগ্রহণ শুরুর সাড়ে ৪ ঘণ্টায় প্রায় ৩৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়।
রাজশাহী জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান বলেন, রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের আওতায় মোট ৭৭৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জেলায় মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ২২ লাখ ৯২ হাজার ১১৮ জন।
দুপুর ১২টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসনভিত্তিক ভোটার উপস্থিতিতে কিছুটা তারতম্য দেখা গেছে। রাজশাহী-১ আসনে প্রায় ৩১ শতাংশ, রাজশাহী-২ আসনে প্রায় ৩৫ শতাংশ এবং রাজশাহী-৩ আসনে প্রায় ২৯ শতাংশ ভোট পড়েছে। এ ছাড়া রাজশাহী-৪ আসনে প্রায় ৩৭ শতাংশ, রাজশাহী-৫ আসনে প্রায় ৩২ শতাংশ এবং রাজশাহী-৬ আসনে প্রায় ৩৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
তিনি আরও বলেন, সকালবেলায় শহরাঞ্চলের কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক বেশি ছিল। গ্রামীণ কিছু এলাকায় শুরুতে উপস্থিতি কম থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।
মোতাওয়াক্কিল রহমান বলেন, নিরাপত্তা জোরদার করতে জেলার বিভিন্ন কেন্দ্রে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ভোটগ্রহণ তদারকি ও অনিয়ম প্রতিরোধে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার বলেন, দুপুর ১২টা পর্যন্ত জেলায় মোট ৩২ দশমিক ৮৩ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। জেলার ছয়টি সংসদীয় আসনেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। দুপুর পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, সব কেন্দ্রেই শান্ত ও সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ।
এমএন