দীর্ঘ সাড়ে ১৬ বছরের রাজনৈতিক অচলায়তন ভেঙে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে স্বাধীনমতো আমরা ভোট দেওয়ার সুযোগ পেলাম বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। আজ বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আঙ্গারিয়াপাড়া স্কুল কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, দীর্ঘ সাড়ে ১৬ বছর পর সুষ্ঠু পরিবেশে ও স্বাভাবিকভাবে স্বাধীনমতো আমরা ভোট দেওয়ার সুযোগ পেলাম। আমি আমার ব্যক্তিগত ভোটটি দিয়ে এসেছি। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
এজন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ও নারীদের লম্বা লাইন খেয়াল করলাম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আঙ্গারিয়াপাড়া স্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘সবাই যদি সজাগ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তাহলে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হব ইনশাআল্লাহ।’
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, ‘নির্বাচন কেমন হবে সেটি সকালবেলাতেই বলা কঠিন। আমি কেবল বের হলাম। বিভিন্ন কেন্দ্রগুলোতে যাব। সকল বিষয় দেখে এ নিয়ে মন্তব্য করা যাবে। এ বিষয়ে এখনই মন্তব্য করতে চাই না। এছাড়া লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে বলেছি। আজকে তাদের ভূমিকার ওপর নির্ভর করবে যে আসলে পরিস্থিতিটা কতটা মেইনটেইন করতে পারলেন।’
বুলবুলের কথায়, ‘তবে আমি আশাবাদী এটা হওয়া উচিত। কারণ এটা জাতির দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। এই জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সবারই সক্রিয়ভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটা উৎসবমুখর নির্বাচনের পক্ষে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং সমআচরণ করা খুবই জরুরি বলে মনে করি। রিটার্নিং কর্মকর্তাসহ সবাই যদি সমান ভূমিকা পালন করেন এবং প্রার্থীদের পক্ষের ভোটার ও কর্মী সবাই যদি দায়িত্বশীল আচরণ করেন, তাহলে একটা সুষ্ঠু নির্বাচনের যে প্রয়োজন সেটি শেষ পর্যন্ত থাকা সম্ভব।”
সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নির্বাচন যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তাহলে অবশ্যই এই নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, আমি তা মেনে নেব। জনগণের ওপর সেই বিশ্বাস ও আস্থা আছে। তবে বলতে চাই, স্বতঃস্ফূর্ত সাড়া, গণজাগরণ ও জনগণের ভালোবাসায় আস্থার জায়গা ‘দাঁড়িপাল্লা’র যে জোয়ার তৈরি হয়েছে, তাতে সারাদেশসহ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিপুল ভোটে বিজয়ী হব।’
এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, জেলা মিডিয়া সম্পাদক নূরে আলম সিদ্দিকি আসাদ, পৌর সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর তহুরুল ইসলাম সোহেল প্রমুখ।
এমএন