ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ (সূত্রাপুর-ওয়ারী-গেন্ডারিয়া) আসনের ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র পরিদর্শনে এসে ভোটকেন্দ্রের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ড. আব্দুল মান্নান। ভোটকেন্দ্রের স্বচ্ছতা এবং পোলিং এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ড. মান্নান বলেন, ‘নির্বাচন শুরুর আগে বাংলাবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে আমাদের এজেন্টরা উপস্থিত থাকলেও রিটার্নিং বা প্রিসাইডিং কর্মকর্তারা তাদের ব্যালট বাক্স পরীক্ষা করতে দেননি। এটি পরিষ্কার কারচুপির ইঙ্গিত।’
এ সময় তিনি এই আসনের ৮০টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে উল্লেখ করে সেখানে ভোটগ্রহণের সুষ্ঠু পরিবেশ নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেন।
এর আগে সকাল ৭টা ৩০ মিনিটে কেন্দ্রগুলো ভোটারদের জন্য খুলে দেওয়া হয়। ড. মান্নান সকাল ৭টা ৪৫ মিনিটে তার ভোট প্রদান করেন। সকালে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং দীর্ঘ লাইন দেখা গেছে।ে
এমএন