ক্যাটাগরি: সারাদেশ

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিতরণকালে আটক ৩ কর্মীর কারাদণ্ড ও জরিমানা

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণের সময় তিন কর্মীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মাদারগঞ্জ উপজেলার চরগুলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্তরা হলেন, জামালপুরের মেলান্দহ উপজেলার চর সগুনা এলাকার হারুনউর রশিদের ছেলে মেহেদী হাসান (২৫), ছবিলাপুর এলাকার মো. জালাল উদ্দিন আকন্দের ছেলে জাহাঙ্গীর আলম (৫২) এবং একই এলাকার আব্দুল আজিজ মন্ডলের ছেলে জহুরুল ইসলাম (৬৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের চরগোলাবাড়ী এলাকায় স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভ এর পক্ষে টাকা বিতরণ করে তার কর্মী মেহেদী হাসান, জহুরুল ইসলাম এবং জাহাঙ্গীর আলম। ওই এলাকা থেকে টাকা বিতরণ করে ফেরার পথে আদারভিটা ইউনিয়নের কয়ড়া বাজার এলাকায় আসলে খবর পেয়ে ৯৪ হাজার ৫শ’ টাকাসহ তাদের আটক করে স্থানীয় জনতা।

পরে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেয়। এ সময় জামালপুর-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক আরিফ হোসেন তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত তিনজনের স্বীকারোক্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা এবং ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তফিজুর রহমান ভুইঞা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএন

শেয়ার করুন:-
শেয়ার