আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচারণা আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে। নির্বাচন বিধান অনুযায়ী, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের সকল প্রকার প্রচারণা কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
রোববার এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
ইসি সচিব আরও জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ১ হাজার ৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবেন। মূলত মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব পালন করবেন তারা। এ সময় মাঠে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরও দায়িত্ব পালন করতে দেখা যাবে।
এছাড়া নির্বাচন সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে ইলেক্টোরাল এনকোয়ারি অ্যান্ড এডজুডিকেশন কমিটি ইতোমধ্যেই মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করেছে বলে জানান তিনি।
এমএন