ক্যাটাগরি: পুঁজিবাজার

বিএনপির ইশতেহারে পুঁজিবাজার সংস্কার পরিকল্পনা: স্বাগত জানালো ডিবিএ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত নির্বাচনী ইশতেহারে দেশের পুঁজিবাজার সংস্কার ও উন্নয়নের পরিকল্পনা অন্তর্ভুক্ত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ধন্যবাদ জানিয়েছে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

বিএনপির নির্বাচনী ইশতেহারে পুঁজিবাজারের সংস্কার ও উন্নয়নমূলক পরিকল্পনা অন্তর্ভুক্ত করায় সন্তোষ প্রকাশ করেছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের পক্ষে এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। এতে দেশের পুঁজিবাজারের সংস্কার, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও করণীয় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে, যা পুঁজিবাজার সংশ্লিষ্ট অংশীজনদের জন্য একটি ইতিবাচক ও আশাব্যঞ্জক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বিএনপিকে ধন্যবাদ জানান এবং তারেক রহমানসহ দলের শীর্ষ নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাইফুল ইসলাম বলেন, দেশের ইতিহাসে এই প্রথম কোনো রাজনৈতিক দল পুঁজিবাজারকে বিশেষ গুরুত্ব দিয়ে নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করেছে এবং এ খাতের সংস্কার ও উন্নয়নসংক্রান্ত সুস্পষ্ট পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করেছে।

তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক দলগুলো পুঁজিবাজারকে প্রত্যাশিত গুরুত্ব দেয়নি। আমরা ডিবিএর পক্ষ থেকে দীর্ঘদিন ধরে সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক, সভা-সেমিনারের মাধ্যমে পুঁজিবাজারকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত হিসেবে স্বীকৃতি দেওয়া এবং কার্যকর নীতিগত সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছিল। বিএনপির ঘোষিত ইশতেহারের মাধ্যমে সেই দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।

ডিবিএ আশা প্রকাশ করেছে যে– ঘোষিত ইশতেহারের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে পুঁজিবাজারের টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে। সেই সঙ্গে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, বাজারে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং সামগ্রিক গতিশীলতা আরও ত্বরান্বিত হবে।

এমএন

শেয়ার করুন:-
শেয়ার