আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক নিরাপদ, সমৃদ্ধ, উন্নত ও মানবিক ঢাকা-৫ গড়ার প্রত্যয়ে নিয়ে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর নূর কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি তার নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।
“সবার জন্য শিক্ষা, কর্মসংস্থান, বাসস্থান ও স্বাস্থ্যসেবা” নিশ্চিত করার অঙ্গিকারে ১২ দফার ভিত্তিতে তিনি তার নির্বাচনী ইশতেহার স্থানীয় জনতার সামনে তুলে ধরেন।
ইশতেহারের ১২টি প্রধান দফা:
১. শিক্ষা: সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং নতুন সরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা। কওমি মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন।
২. সুশাসন: স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ গঠন।
৩. দারিদ্র্য বিমোচন: কর্মহীন, গৃহহীন ও চিকিৎসা বঞ্চিতদের সংখ্যা শূন্যের কোটায় নামিয়ে আনা।
৪. জুলাই বিপ্লব: ছাত্র-জনতার বিপ্লবে শহীদ ও আহতদের যথাযথ সম্মান প্রদান এবং পুনর্বাসন নিশ্চিত করা।
৫. অপরাধ নির্মূল: চাঁদাবাজি, দুর্নীতি, মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং সম্পূর্ণ নির্মূল করা।
৬. নাগরিক সেবা: জলাবদ্ধতা নিরসন, খাল খনন, আধুনিক পয়ঃনিষ্কাশন ও মশক নিধন।
৭. স্বাস্থ্য: আধুনিক হাসপাতাল নির্মাণ ও ২৪/৭ জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
৮. ইউটিলিটি: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, নিরাপদ পানি, গ্যাস ও হাই-স্পিড ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা।
৯. অর্থনীতি: স্বনির্ভর অর্থনীতি ও পরিবারভিত্তিক কর্মসংস্থান প্রকল্প চালু করা।
১০. নিরাপত্তা: নারী ও শিশুদের জন্য নিরাপদ শহর গড়ে তোলা।
১১. শিল্প ও যোগাযোগ: বন্ধ কলকারখানা পুনরায় চালু এবং এলাকার অভ্যন্তরীণ রাস্তার উন্নয়ন।
১২. অধিকার ও স্বাধীনতা: সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ঢাকা-৫ আসন কমিটির পরিচালক আব্দুস সালাম, যাত্রাবাড়ী পূর্ব থানা আমীর ও ঢাকা-৫ আসন কমিটির সদস্য সচিব মো. শাহজাহান খান, ডেমরা মধ্য থানা আমীর মোহাম্মদ আলী, নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর মোখলেছুর রহমান, এবি পার্টির সমন্বয়ক লুৎফুর রহমান, এনসিপির ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম মিন্টুসহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ।
ইশতেহার ঘোষণা শেষে মোহাম্মদ কামাল হোসেন স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, নির্বাচিত হলেঅগ্রাধিকার ভিত্তিতে সমস্যা সমাধানের কর্মপরিকল্পনা ব্যাখ্যা করেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, একটি মানবিক ও সমৃদ্ধ ঢাকা-৫ গড়তে ইনসাফ কায়েমের বিকল্প নেই।
নাইম