দেশে শনাক্ত হওয়া রহস্যজনক এক রোগের কারণ হিসেবে ‘প্টেরোপাইন অরথোরিওভাইরাস’(পিআরভি) নামক নতুন একটি বাদুড়বাহিত ভাইরাসকে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে যে, এই ভাইরাসটি মানুষের জন্য মারাত্মক স্নায়ুবিক ও শারীরিক জটিলতা তৈরি করতে পারে।
গবেষণা অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে পাঁচজন রোগী এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তারা প্রত্যেকেই নিপাহ ভাইরাসের পরিচিত উৎস কাঁচা খেজুরের রস পান করেছিলেন। যদিও প্রাথমিকভাবে একে নিপাহ সংক্রমণ মনে করা হয়েছিল, তবে ল্যাব পরীক্ষায় কারও শরীরেই নিপাহ ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। পরবর্তীতে উন্নত গবেষণায় প্টেরোপাইন অরথোরিওভাইরাস বা পিআরভি শনাক্ত হয়।
প্রাথমিকভাবে রোগটি নিপাহ ভাইরাসজনিত বলে ধারণা করা হলেও পরীক্ষায় দেখা যায়, কারও শরীরেই নিপাহ ভাইরাসের উপস্থিতি নেই। কয়েক সপ্তাহের চিকিৎসার পর সবাই হাসপাতাল থেকে ছাড়া পেলেও তিনজন দীর্ঘদিন ধরে তীব্র দুর্বলতা, বিভ্রান্তি, শ্বাসকষ্ট ও হাঁটাচলার জটিলতায় ভুগছিলেন। তাদের মধ্যে একজনের ২০২৪ সালে মৃত্যু হয়, যার সুনির্দিষ্ট স্নায়বিক কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
সর্বশেষ গবেষণায় বিজ্ঞানীরা নিশ্চিত হন, এই রোগের প্রকৃত কারণ প্টেরোপাইন অরথোরিওভাইরাস (পিআরভি) একটি বাদুড়বাহিত ভাইরাস। গবেষকদের মতে, ভাইরাসটি জিনগত পুনর্গঠনের মাধ্যমে ভবিষ্যতে আরও বেশি সংক্রামক ও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় নতুন জনস্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে বিজ্ঞানীরা জনগণকে খেজুর গাছ থেকে নামানো কাঁচা রস পান থেকে বিরত থাকার, রোগতত্ত্বীয় নজরদারি জোরদার, এবং দ্রুত গবেষণা ও প্রস্তুতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ: ব্যক্তিগত সুরক্ষা, নিরাপদ খাদ্যাভ্যাস এবং সন্দেহজনক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।
এমএন