বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে বাজারে আনল বাংলাদেশ ব্যাংক।
নতুন নকশায় স্থান পেয়েছে জুলাই অভ্যুত্থানের দৃশ্যপট; আছে পুরনো নোটের বায়তুল মোকাররম মসজিদের ছবিও।
পুরনো নোটে জাতীয় মসজিদের ছবি পেছনে থাকলেও নতুন নোটে তা সম্মুখভাগে রাখা হয়েছে। মাঝখানে লেখার পৃষ্ঠে পাতা ও কলিসহ প্রস্ফুটিত শাপলার ছবি বসানো আছে। আর নোটের পেছনে আছে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ নকশায় ছাপানো হয়েছে নতুন ১০ টাকার নোট।
রাজনৈতিক পটপরিবর্তনের পর বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে নতুন নকশায় ১০০০, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের নোট বাজারে আসে গত বছরের মাঝামাঝি সময় থেকে। এর ধারাবাহিকতায় গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষরে নতুন নকশার ১০ টাকার নোট এল।
এই নোটের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, এর নিচে উজ্জ্বল ইলেক্ট্রোটাইপ জলছাপে ‘10’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম রয়েছে। নোটটিতে রয়েছে গোলাপি রঙের আধিক্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নোটের সম্মুখভাগে বামপাশে ২ মিমি চওড়া নিরাপত্তা সুতা সংযোজন করা হয়েছে, যাতে খচিত রয়েছে ‘১০ দশ টাকা’ লেখা, যা আলোর বিপরীতে ধরলে চোখে পড়বে।
তাছাড়া নোটটি নাড়াচাড়া করলে নিরাপত্তা সুতার রং লাল থেকে সবুজে পরিবর্তিত হয়। গভর্নরের সইয়ের ডানপাশে একটি প্যাটার্ন মুদ্রিত রয়েছে, যা আলোর বিপরীতে ধরলে ‘১০’ লেখা দৃশ্যমান হবে।
এছাড়া নোটের সম্মুখভাগের উপরে বাংলাদেশ ব্যাংক লেখার নিচে সমান্তরালভাবে এবং পেছনভাগের বামদিকের গ্লিউইশ প্যাটার্নের বাইরের অংশে ‘BANGLADESH BANK’ মুদ্রিত রয়েছে।
নতুন নকশা ও বৈশিষ্ট্যের ১০ টাকার নোটের পাশাপাশি বাজারে প্রচলিত কাগুজে সব নোট ও ধাতব মুদ্রা চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এমএন