ক্যাটাগরি: আইন-আদালত

পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনা-টিউলিপসহ ১৮ জনের রায় আজ

রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা মামলায় জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ মোট ১৮ জনের বিরুদ্ধে আজ রায় ঘোষণা করা হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ এই রায় ঘোষণা করবেন বিচারক রবিউল আলম।

এর আগে গত ১৮ জানুয়ারি যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। শুনানিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী হাফিজুর রহমান যুক্তিতর্ক উপস্থাপন করে আসামিদের সর্বোচ্চ সাজা হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করেন।

অন্যদিকে কারাগারে থাকা একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য খুরশীদ আলমের পক্ষে তার আইনজীবী দাবি করেন, দুদক তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। এ কারণে তিনি খুরশীদের খালাস চান। বাকি ১৭ আসামি পলাতক থাকায় তারা আত্মপক্ষ সমর্থন বা আইনজীবীর মাধ্যমে যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ পাননি।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, শেখ হাসিনার সাবেক সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিয়া, সাবেক পরিচালক শেখ শাহিনুল ইসলাম, সাবেক সদস্য মোহাম্মদ নাসির উদ্দীন, সামসুদ্দীন আহমদ চৌধুরী, তন্ময় দাস, সাবেক সহকারী পরিচালক ফারিয়া সুলতানা ও মাজহারুল ইসলাম এবং সাবেক উপ-পরিচালক নায়েব আলী শরীফ।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর ক্ষমতার পটপরিবর্তনের ধারাবাহিকতায় আওয়ামী লীগ আমলের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসে। এরই প্রেক্ষাপটে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে ২০২৫ সালের জানুয়ারিতে ছয়টি মামলা করে দুদক।

এর মধ্যে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে করা তিনটি মামলার রায় ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। চার মামলায় শেখ হাসিনাকে মোট ২৬ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল পাঁচ বছর করে, বোন শেখ রেহানা সাত বছর এবং ভাগ্নী টিউলিপ সিদ্দিক দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।

ববি রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে চলমান এই মামলায় মোট ২৮ জন সাক্ষ্য দেন। গত ১৩ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ শেষ হয়। একই দিনে খুরশীদ আলম আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন।

এমএন

শেয়ার করুন:-
শেয়ার