ক্যাম্পাস টু ক্যারিয়ার
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত: শিক্ষা মন্ত্রণালয়
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে। দ্রুততম সময়ে অধ্যাদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পর্যায়ের সকল প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত খসড়া রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায়।
শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্তকরণের আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে সম্পৃক্ত মন্ত্রণালয়/বিভাগের মতামত সংগ্রহ, ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে সর্বসাধারণের মতামত গ্রহণ, শিক্ষক-শিক্ষাথী-সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠান, বিশেষজ্ঞদের অভিমত গ্রহণ এর মত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে হয়েছে।
অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করার ক্ষেত্রে সকলের যৌক্তিক প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে এবং উদ্বেগসমূহকে বিবেচনায় নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার উপযোগী কাঠোমা নির্ধারণ করাই ছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর মূল লক্ষ্য। সকলের ধৈর্যশীল সহযোগিতা এবং গঠনমূলক ভূমিকার কারণেই শিক্ষা মন্ত্রণালয় জটিল এ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সময়ে সময়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ধারাবাহিক অগ্রগতির তথ্য সর্বসাধারণকে অবহিত করেছে।
টেকসই ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে মৌলিক ও উপরিকাঠামোগত সংস্কারের কাজগুলো সুশৃঙ্খলভাবে ধাপে ধাপে এবং যথাযথভাবে সম্পন্ন করতে হয়। যে কোন পর্যায়ে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বিশৃঙ্খলা পুরো উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাদেশটি যেহেতু এখন সরকারের সর্বোচ্চ পর্যায়ে অনুমোদনের অপেক্ষায় আছে, সেহেতু জনদুর্ভোগ সৃষ্টি হয় বা স্বাভাবিক জনজীবন ব্যাহত হয় এমন কোনো কর্মসূচি বা কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান করা যাচ্ছে। যেকোনো আবেগপ্রসূত বা অস্থিতিশীল পরিস্থিতি দীর্ঘদিনের এই অর্জন ও শ্রমকে নসাৎ করে দিতে পারে।
শিক্ষা মন্ত্রণালয় বিশ্বাস করে, দীর্ঘদিনের ধৈর্য্য ও পারস্পরিক সহযোগিতার এই ধারা অব্যাহত রেখে আমরা অতি দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আনুষ্ঠানিক যাত্রা নিশ্চিত করতে পারব, যা বাংলাদেশের উচ্চশিক্ষার প্রসারে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
অধ্যাদেশ জারির এক দফা দাবিতে সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বিশাল গণজমায়েতের আয়োজন করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। সেখানে অধ্যাদেশ মঞ্চ স্থাপন করা হবে বলে শুক্রবার সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. নাঈম হাওলাদার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এমকে
ক্যাম্পাস টু ক্যারিয়ার
৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ ফল প্রকাশ করা হয়।
এবারের ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী। গত ৩০ জানুয়ারি ঢাকা ও অন্য সাতটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে বড় একটি অংশ নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে (৬৫০ জন)।
এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন কর্মকর্তা নিয়োগের সুপারিশ করা হবে।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
দেড় মাসের ছুটিতে যাচ্ছে দেশের সব মাদরাসা
টানা দেড় মাসের ছুটিতে যাচ্ছে দেশের সব মাদরাসা। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আর এই ছুটি থেকেই শুরু হবে মাদরাসায় টানা ৪৬ দিনের ছুটি।
গত ২০ জানুয়ারি প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
তাই মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শ্রেণি কার্যক্রম শুরু হবে ২৯ মার্চ।
উল্লেখ্য, দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দিন ছুটি থাকবে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে। এই ছুটি চলবে আগামী ২৪ মে থেকে ১১ জুন।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের আগামী ১০ ফেব্রুয়ারির (মঙ্গলবার) পূর্বনির্ধারিত সকল অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্ত্তী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ ফেব্রুয়ারির স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য আদিষ্ট হয়ে এতদ্দ্বারা জানানো যাচ্ছে যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিতির সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে আগামী ১০ ফেব্রুয়ারির (মঙ্গলবার) পূর্বনির্ধারিত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সব পরীক্ষা স্থগিত করা হলো।
স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউট এর প্রস্তাব মোতাবেক যথাসময়ে ঘোষণা করা হবে। অধিভুক্ত, উপাদানকল্প কলেজ ও ইনস্টিটিউটের পরীক্ষাসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
এমএন
ক্যাম্পাস টু ক্যারিয়ার
শহীদ জিয়া ও খালেদা জিয়ার নামে দুই কলেজের নামকরণ
ঢাকা ও ফেনীর দুটি কলেজের নাম পরিবর্তন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করা হয়েছে। একই সঙ্গে টাঙ্গাইল ও রাজশাহীর আরও দুটি কলেজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত বছরের ২৯ ডিসেম্বরের নির্দেশনার আলোকে অধিভুক্ত চারটি বেসরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার মিরপুরের পল্লবী মহিলা ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে শহীদ জিয়া মহিলা কলেজ রাখা হয়েছে। ফেনীর ফুলগাজী মহিলা কলেজের নতুন নাম হয়েছে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ।
এ ছাড়া, টাঙ্গাইলের বাসাইল ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বাসাইল এমদাদ হামিদা কলেজ এবং রাজশাহীর বাগমারার সালেহা-ইমারত ডিগ্রি কলেজের নতুন নামকরণ করা হয়েছে সাঁকোয়া কলেজ।
প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট সব অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরকে দ্রুত এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।
এমএন
ক্যাম্পাস টু ক্যারিয়ার
৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেলেন ১১ হাজার ৭১৩ জন
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ম বিশেষ নিয়োগের মাধ্যমে ১১ হাজার ৭১৩ জনকে নিয়োগ সুপারিশ করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ সুপারিশ প্রকাশ করে।
অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আমিনুল ইসলাম।
সুপারিশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৪ জানুয়ারি প্রকাশিত ৭ম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির (বিশেষ) আওতায় নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্যপদে প্রথম প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ সুপারিশের করা হয়েছে।
নিয়োগ সুপারিশকৃত প্রার্থীদের ফলাফল এনটিআরসিএ’র ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ৭ম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি (বিশেষ)- ২০২৬ নামক সেবা বক্সে এবং http://ngi.teletalk.com.bd লিংকে পাওয়া যাবে।
নির্বাচিত প্রার্থীগণ স্ব স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে Login করে ফলাফল দেখতে পারবেন।
একইভাবে প্রতিষ্ঠান প্রধানগণ তাদের স্ব স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তার প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীগণের তথ্য দেখতে পাবেন।
কোন নির্বাচিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠানপ্রধান টেকনিক্যাল কারণে SMS না পেলে এনটিআরসিএর ওয়েবসাইটের ৭ম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি (বিশেষ)- ২০২৬ সেবা বক্স থেকে ফলাফল দেখতে পারবেন।
এমকে



