কর্পোরেট সংবাদ
বিকাশ অ্যাপে সাজানো হলো ‘আমার বিকাশ’ আইকন
প্রত্যেক গ্রাহকের ব্যবহারের ধরণ আর প্রয়োজন অনুযায়ী সম্প্রতি বিকাশ অ্যাপের ইন্টারফেসকে আরও বেশি সহজ ও কার্যকরী করে উপস্থাপন করা হয়েছে। ‘আমার বিকাশ’ আইকনের নতুন উপস্থাপন এখন গ্রাহককে এক ঝলকেই তার দৈনন্দিন আর্থিক লেনদেনের একটা চিত্র দেখাচ্ছে। সমস্ত লেনদেনের তথ্য কাস্টমাইজ করে এক জায়গাতে সন্নিবেশিত করার ফলে গ্রাহকের সার্বিক আর্থিক ব্যবস্থাপনাও আরও সহজ ও কার্যকর হয়েছে।
পাশাপাশি, ‘আমার বিকাশ’, ‘মাই অফারস’ এর বদলে যাওয়া ইন্টারফেস আরও পরিছন্নরূপে উপস্থাপন করা হয়েছে। নতুন থিম যুক্ত করে বহুল ব্যবহৃত এই অ্যাপটির সার্বিক সজ্জাতেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। এছাড়া মাই অফারস-এ বোনাস পয়েন্ট, অ্যাপ থেকে ইনস্যুরেন্স পলিসি কেনা, কুপন, রিওয়ার্ড সহ নানা ধরনের সুবিধা যুক্ত হয়েছে বিকাশ অ্যাপের নতুন এই সংস্করণে।
আমার বিকাশ বিকাশ অ্যাপের সাথে গ্রাহকের যাত্রা কতো বছরের তা বিকাশ অ্যাপের ‘মাই বিকাশ’ ইন্টারফেসে ঢুকে সবার আগে চোখে পড়ছে গ্রাহকের। প্রতিদিনের জীবনের অংশ হয়ে ওঠা বিকাশ অ্যাপের সাথে গ্রাহকের সম্পর্কের সময়ের হিসাব, তৈরি করছে বাড়তি ভালো লাগা।
হোম স্ক্রিনের নেভিগেশন বারে যুক্ত হয়েছে ‘আমার বিকাশ’ আইকন, যা ট্যাপ করেই গ্রাহক তার বিকাশ লেনদেন জগতে ঢুকে যেতে পারছেন সহজে, স্বাচ্ছন্দ্যে। রিওয়ার্ড পয়েন্ট, প্রিয় নাম্বার, প্রিয় এজেন্ট, সেভ করা বিলার, কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট, সেভিংস বা লোন নেয়ার তথ্য, অটো-পে, সাবস্ক্রিপশন সহ গ্রাহকের প্রয়োজনীয় সব সেবাই এক স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রাহক। ফলে শুধু দ্রুত সেবা নেয়া ই নয়, গ্রাহকদের আর্থিক ব্যবস্থাপনা হয়েছে আরও স্মার্ট এবং সময় সাশ্রয়ী। বিকাশ অ্যাপ থেকে সাবস্ক্রাইব বা লিংক করা অন্য অ্যাপের তালিকাও একই স্ক্রিনেই পেয়ে যাচ্ছেন গ্রাহক।
মাই অফারস ডিজিটাল লেনদেনে অভ্যস্ততা বাড়াতে সারাবছরই সব ধরনের গ্রাহকদের জন্য নানা ধরনের অফার সংযুক্ত থাকে বিকাশ অ্যাপে। কোন লেনদেন করলে কতো ছাড়, কোথায় মিলবে ডিসকাউন্ট, বিশেষ কী অফার রয়েছে তার তালিকা পাওয়া যাবে হোম স্ক্রিনের মাই অফার আইকন থেকেই। চাহিদা ও লেনদেনের ধরন বিবেচনায় রেখে আরও সুযোগ ও স্বাচ্ছন্দ্য দিতে গ্রাহককে কাস্টমাইজড ‘মাই অফারস’ দিয়ে থাকে বিকাশ। ‘মাই অফারস’-এ ট্যাপ করলে গ্রাহক তার জন্য দেয়া অফারের বিস্তারিত তালিকা (যেমন – ব্যাংক টু বিকাশ, কার্ড টু বিকাশ, পেমেন্ট, রেমিট্যান্স, বিকাশ টু ব্যাংক ইত্যাদি) থেকে নিজের পছন্দমতো অফার উপভোগ করতে পারবেন আর সাথে পাবেন রিওয়ার্ড পয়েন্টও। কোনো অফার না থাকলেও এই সেকশনে একবার ট্যাপ করলেই গ্রাহকের অ্যাকাউন্টে যুক্ত হতে পারে বোনাস পয়েন্ট। এদিকে, প্রতিটি অফারের পাশে এর বিস্তারিত বিবরণ এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ উল্লেখ থাকে, যা গ্রাহকের বিকাশ লেনদেন করবে আরও সাশ্রয়ী।
হোম স্ক্রিনের ইন্টারফেস পরিবর্তন বাংলার প্রকৃতির সাথে মিলিয়ে নবযাত্রা, প্রশান্তি আর গোধূলি তিন ধরনের থিম এসেছে বিকাশ অ্যাপের হোম স্ক্রিনের জন্য। অ্যানিমেটেড এই থিমগুলো হোম স্ক্রিনকে আরও প্রাঞ্জল ও সজীব করে তুলেছে। গ্রাহক নিজের পছন্দমতো থিম নির্বাচন করে পরিবর্তনও করে নিতে পারছেন। হোম স্ক্রিনের আইকনগুলোকে আরও পরিচ্ছন্ন ও নিবিড় করে তোলা হয়েছে গ্রাহকের ব্যবহার সুবিধার্থে। এমনকি গ্রাহকরা শুধু আইকন দেখেই আরও সহজে সেবা নির্বাচন করতে পারছেন নতুন এই পরিবর্তনে।
ইন্স্যুরেন্স পলিসি কেনা গ্রাহকরা এখন বিকাশ অ্যাপ থেকেই তাদের পছন্দানুযায়ী হেলথ ও লাইফ ইনস্যুরেন্স পলিসি কিনতে পারছেন। অ্যাপের হোম স্ক্রিনে থাকা ইনস্যুরেন্স আইকনে যেয়ে ‘নতুন পলিসি কিনুন’ অপশনে ট্যাপ করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর পছন্দানুযায়ী হেলথ বা লাইফ ইনস্যুরেন্স সিলেক্ট করে বয়সের ঘর পূরণ করলে বিভিন্ন ইনস্যুরেন্স কভারেজ অপশন দেখা যাবে। এখান থেকে পছন্দানুযায়ী কভারেজটি সিলেক্ট করে সম্মতি দিলেই ইনস্যুরেন্স পলিসি চালু হয়ে যাবে। এছাড়া, বিকাশ অ্যাপ থেকেই ইনস্যুরেন্সের প্রিমিয়াম জমা দেয়া সহ ডকুমেন্ট ও রিসিপ্ট ডাউনলোড করা যাবে। আরও আকর্ষণীয় গেস্ট মোড অ্যাপ লগইন বা রেজিস্ট্রেশন ছাড়াই বিভিন্ন সেবা ব্রাউজ করার সুযোগ দেয় বিকাশ অ্যাপের গেস্ট মোড। যারা এখনো বিকাশ অ্যাকাউন্ট খোলেননি অথবা অ্যাকাউন্ট খুলতে আগ্রহী, তাঁরা অ্যাপটির সেবা ও অফার সম্বন্ধে বিস্তারিত দেখতে পারবেন বিকাশ অ্যাপের গেস্ট মোড থেকেই।
সর্বশেষ যুক্ত এই সেবা ও ফিচারগুলোর পাশাপাশি এই মুহূর্তে বিকাশ গ্রাহকরা সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ ইন, ক্যাশ আউট, মার্চেন্ট পেমেন্ট, অ্যাড মানি, ইউটিলিটি বিল পেমেন্ট, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানের ফি পরিশোধ, ই-টিকেটিং, ডোনেশন, বিদেশ থেকে রেমিটেন্স গ্রহণ, ইন্স্যুরেন্স ও মাইক্রোফাইন্যান্স এর পেমেন্ট, ডিজিটাল লোন ও সেভিংস সহ নানান সেবা ব্যবহার করছেন। গ্রাহক-বান্ধব সেবার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল লাইফস্টাইল অ্যাপে পরিণত হওয়ার লক্ষ্যে নিরন্তর উদ্ভাবন অব্যাহত রেখেছে বিকাশ।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান।
সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল, ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের দুই দিনব্যাপী বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির দুই দিনব্যাপী বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএস ও শরীআহ সুপারভাইজরি কাউন্সিলের চেয়ারম্যন মুফতি শামসুদ্দিন জিয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন। সম্মেলনে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসিমসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, ১৬টি জোনের প্রধান এবং ৪০০টি শাখার ব্যবস্থাপকগণ অংশ নেন।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘এমক্যাশ’ রিব্র্যান্ডিংয়ের মাধ্যমে নতুন কলেবরে শুরু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রধান অতিথি হিসেবে দেশের প্রথম ইসলামিক মোবাইল ব্যাংকিং ‘এমক্যাশ’ রিব্র্যান্ডিং কার্যক্রমের উদ্বোধন করেন।
ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর আরিফ হোসেন খান। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা ও ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও ব্যাংকের সকল জোনপ্রধান ও শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ইসলামী ব্যাংকের একটি শক্তিশালী গ্রাহক ভিত্তি রয়েছে। ৩ কোটির অধিক গ্রাহক এ ব্যাংকের সাথে সম্পৃক্ত। ইসলামী ব্যাংকের ৪০০টি শাখা, ২৭১টি উপশাখা, প্রায় ২৮০০টি এজেন্ট আউটলেট-এর বৃহৎ নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এমক্যাশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ইসলামী ব্যাংকের রেমিট্যান্স প্রবাহেও এমক্যাশকে কাজে লাগাতে হবে। ক্যাশলেস সোসাইটি গঠনে এমক্যাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি বলেন, এমক্যাশকে শক্তিশালী করতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহন এবং গ্রাহকদের আস্থা অর্জন করতে হবে। গ্রাহকদের প্রণোদনা ও ক্যাশব্যাক দিয়ে উৎসাহিত করতে হবে। এমক্যাশকে রিটেইল মার্কেট ও এসএমই সেক্টরে ফোকাস করে তাদেরকে কিউআর কোডের মাধ্যমে লেনদেনে অন্তুর্ভুক্ত করার চেষ্টা করতে হবে। ক্যাশ ইন ও ক্যাশ আউটের পাশাপাশি ডিজিটাল লেনদেনের জন্য সবাইকে উৎসাহিত করতে হবে। ডিজিটাল লেনদেন হলে দেশে দুর্নীতি কমে আসবে, ২ লক্ষ কোটি টাকা রাজস্ব বৃদ্ধি পাবে এবং অর্থনীতিতে স্বচ্ছলতা আসবে।
তিনি আরও বলেন, ‘আমরা চাই মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস-এর মার্কেটটা এককেন্দ্রিক না থেকে আরও প্রসারিত হোক। যা দেশের অর্থনীতি ও গ্রাহকদের জন্য সুবিধাজনক।’ তিনি এমক্যাশের পুনর্যাত্রার সাফল্য কামনা করেন।
সভাপতির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান বলেন, ৩ কোটি গ্রাহক নিয়ে ইসলামী ব্যাংকের এমক্যাশ সবাইকে ছাড়িয়ে যাবে। তিনি এমক্যাশ লেনদেনে সবাইকে উৎসাহিত করার আহবান জানান। তিনি এমক্যাশের রিব্র্যান্ডিংয়ে গভর্নর মহোদয়ের উপস্থিতির জন্য ধন্যবাদ জানান।
এমক্যাশের সুবিধাসমূহ:
প্রযুক্তি এবং আধুনিক ব্যাংকিংয়ের সমন্বয়ে ‘এমক্যাশ’ সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনকে নিরাপদ, দ্রুত এবং সহজ করেছে। এমক্যাশ থেকে এমক্যাশ-এ সেন্ডমানির ক্ষেত্রে কোন ফি নেই এবং ক্যাশআউট চার্জ প্রতি হাজারে মাত্র ১৩.৯০ টাকা। ইসলামী ব্যাংকের যেকোন শাখা, উপ-শাখা ও এটিএম থেকে উত্তোলনের ক্ষেত্রে ক্যাশ আউট চার্জ হাজারে মাত্র ৭ টাকা। বিদেশ থেকে রেমিট্যান্সের টাকা সরাসরি এমক্যাশে সরাসরি পাঠানো যায় যা সাথে সাথে জমা হয়ে যায়। রেমিট্যান্সের ক্যাশ আউট চার্জ হাজারে মাত্র ৭ টাকা। যেকোন ভিসা/মাস্টারকার্ড থেকে হাজারে মাত্র ৫ টাকা খরচে অ্যাড মানি করা যায়।
এছাড়াও এমক্যাশের মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস, পানির বিলসহ বিভিন্ন বিল ও মেট্রোরেলের র্যাপিড পাসের রিফিল করা যায়। এমক্যাশের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন ভাতা যেমন বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা উপবৃত্তি ও বিধাব ভাতাসহ অন্যান্য ভাতা গ্রহণ করা যায়। অনেক প্রতিষ্ঠান এখন তাদের কর্মকর্তা-কর্মচারীদের বেতন এমক্যাশের মাধ্যমে সরাসরি পৌঁছে দিচ্ছে। গ্রাহকরা দেশজুড়ে ছড়িয়ে থাকা এমক্যাশ এজেন্ট পয়েন্ট, ইসলামী ব্যাংকের সব শাখা, উপ-শাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ব্যাংকের নিজস্ব এটিএম ও সিআরএম বুথ থেকে দিন-রাত ২৪ ঘণ্টা টাকা জমা ও উত্তোলন করতে পারছেন।
এমকে
কর্পোরেট সংবাদ
বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়
কঠোর অভিবাসন নীতি ও বাড়তি ভিসা প্রত্যাখ্যানের প্রেক্ষাপটে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ থেকে শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়। সাম্প্রতিক সময়ে শিক্ষার্থী ভিসা প্রত্যাখ্যানের হার উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একাধিক ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, নতুন ভিসা নিয়মে উচ্চ প্রত্যাখ্যানের হার থাকলে বিশ্ববিদ্যালয়গুলোর স্পনসর লাইসেন্স ঝুঁকির মুখে পড়তে পারে। এর ফলে প্রশাসনিক ও আইনি জটিলতা এড়াতে কিছু প্রতিষ্ঠান বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিক্ষার্থী নিয়োগ সাময়িকভাবে স্থগিত বা সীমিত করেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, এটি কোনো নির্দিষ্ট দেশের শিক্ষার্থীদের বিরুদ্ধে সিদ্ধান্ত নয়, বরং হোম অফিসের কঠোর কমপ্লায়েন্স ও নজরদারির কারণে এমন পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে তারা। তবে শিক্ষা বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তে বাংলাদেশি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
যুক্তরাজ্যের উচ্চশিক্ষা খাতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব জোগান দিয়ে থাকেন। অনেক বিশ্ববিদ্যালয়ই এই আয়ের ওপর নির্ভরশীল।
সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, ভিসানীতির এই কঠোরতা দীর্ঘ মেয়াদে যুক্তরাজ্যের বৈশ্বিক শিক্ষাগন্তব্য হিসেবে সুনাম ক্ষুণ্ন করতে পারে।
এ বিষয়ে ব্রিটিশ সরকার বলছে, শিক্ষার্থী ভিসা ব্যবস্থার অপব্যবহার ঠেকাতেই এই সংস্কার। সরকারের দাবি, প্রকৃত শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষিত রেখেই অভিবাসন নিয়ন্ত্রণ জোরদার করা হচ্ছে।
কর্পোরেট সংবাদ
দু’দিনব্যাপী ইন্টারন্যাশনাল ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং কনফারেন্সের উদ্বোধন
সেন্ট্রাল শরী’আহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্ট এর উদ্যোগে দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং কনফারেন্সের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এটি উদ্বোধন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, পিএইচডি, সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী সেশনে প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ কবির হাসান ও অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিযাল ইনস্টিটিউশনস (আআওফি) এর বোর্ড অব গভরন্যান্স অ্যান্ড এথিকসের চেয়ারম্যান মোহাম্মদ ফররুখ রেজা।
স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ. এম. মোশাররফ হোসেন ও সেন্ট্রাল শরী’আহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহ বাকী আন-নাদভী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের শরীআহ অ্যাডভাইজরি বোডের্র চেয়ারম্যান প্রফেসর ড. আবু বকর রফিক, ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। এছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্কলার মুফতি মুহাম্মদ ত¦কী উসমানী, অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের (আআওফি) সেক্রেটারি জেনারেল ওমর মোস্থফা আনসারি ভিডিও বার্তা প্রদান করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মেলনের কনভেনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টের অধ্যাপক ড. মো. সাকিদুল ইসলাম।
সম্মেলনের প্রথম দিনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের খ্যাতনামা আন্তর্জাতিক স্কলারদের একাধিক কী-নোট সেশন অনুষ্ঠিত হয়। পাশাপাশি “বাংলাদেশে ইসলামী ফাইন্যান্স শিক্ষা” শীর্ষক একটি প্যানেল আলোচনায় শিক্ষাক্রম উন্নয়ন, গবেষণা ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
“টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য ইসলামিক ফাইন্যান্স” এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত দুই দিনব্যাপী সম্মেলনে ব্যাংক নিয়ন্ত্রক সংস্থা, ইসলামিক ফাইন্যান্স পেশাজীবী, শরী’আহ বিশেষজ্ঞ ও উপদেষ্টা, নীতিনির্ধারক, আর্থিক উদ্ভাবক এবং দেশ-বিদেশের খ্যাতনামা গবেষক ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করেছেন।
সম্মেলনের ২য় দিনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।



