কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপে যোগ হলো সম্পূর্ণ ভয়েস-চালিত সেবা
ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপে চালু হলো দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভয়েস অ্যাসিস্ট্যান্ট সেলফিন ইকো। এটি একটি সম্পূর্ণ ভয়েস-ভিত্তিক উন্নত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যার মাধ্যমে ব্যবহারকারী ভয়েস কমান্ড দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন। ব্যবহারকারী ইংরেজিতে ভয়েস কমান্ড দিলেই সেলফিন ইকো গ্রাহকের পরিচয় নিশ্চিত করে বাকি কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পাদন করে। এতে প্রয়োজন হয় না হাতের কোনো স্পর্শ।
উদাহরণস্বরূপ গ্রাহক যদি বলেন “শো মি সেলফিন/এমক্যাশ ব্যালেন্স” সেলফিন ইকো সঙ্গে সঙ্গে ব্যালেন্স প্রদর্শন করবে। অথবা তার অ্যাকাউন্ট নম্বরটি বললে সেই অ্যাকাউন্টের ব্যালেন্স তাৎক্ষণিকভাবে দেখাবে। একইভাবে ব্যবহারকারী যদি বলেন “সেন্ড টেন থাউজ্যান্ড টাকা টু মামুনস অ্যাকাউন্ট”, সেলফিন ইকো ফেভারিট অপশনে মামুন নামে সংরক্ষিত অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের প্রিভিউ দেখাবে। এরপর গ্রাহক পিন ও ওটিপি দিয়ে লেনদেন সম্পন্ন করবেন।
ব্যবহারকারী শুধু ভয়েস কমান্ড ব্যবহার করেই পরিশোধ করতে পারবেন খিদমাহ ক্রেডিট কার্ড বিল। “চেক মাই খিদমাহ বিল অ্যান্ড পে” বললেই সেলফিন ইকো স্বয়ংক্রিয়ভাবে খিদমাহ’র বকেয়া বিল পরিদর্শন করবে এবং অ্যাকাউন্ট থেকে বিল পরিশোধ করার শেষ মুহূর্ত পর্যন্ত স্পর্শ ছাড়াই সম্পন্ন হবে। গ্রাহক শুধু পিন আর ওটিপি দিয়ে কাজ শেষ করবেন।
সেলফিন ব্যবহার করে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন হবে আরও সহজ ও দ্রুত। ব্যবহারকারী শুধু ভয়েস কমান্ডে “জেনারেট টোকেন টু উইথড্রো টাকা টোয়েন্টি থাউজ্যান্ড ফ্রম অ্যাকাউন্ট নাম্বার” বলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট নম্বারটি বললেই সেলফিন ইকো স্বয়ংক্রিয়ভাবে উল্লেখিত অ্যাকাউন্ট নম্বর থেকে ২০ হাজার টাকার জন্য একটি টোকেন তৈরি করে দেবে, এটিএম বুথে এই টোকেন ব্যবহারের মাধ্যমে টাকা উত্তোলন করা যাবে।
মোবাইল রিচার্জ করা যাবে হাতের কোনো স্পর্শ ছাড়াই। রিচার্জ মাই মোবাইল উইথ টোয়েন্টি টাকা বললেই স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর মোবাইলে ২০ টাকা রিচার্জ হয়ে যাবে। এছাড়া রিচার্জ গ্রহীতার মোবাইল নম্বর আর খুঁজতে কিংবা লিখতে হবে না। শুধু সেভ করা নাম কিংবা মোবাইল নম্বরটি বললেই স্বয়ংক্রিয়ভাবে রিচার্জ হয়ে যাবে।
সেলফিন ইকোর কার্যকারিতা লেনদেনের বাইরেও বিস্তৃত। ভয়েস কমান্ডেই দেখা যায় অ্যাকাউন্ট স্টেটমেন্ট, সেলফিন ও কার্ড লিমিট, চার্জ ও ফি সংক্রান্ত তথ্য। এছাড়া ভয়েস কমান্ড ব্যবহার করে নির্দিষ্ট সময়ের স্টেটমেন্টও দেখা যায়। প্রয়োজন হলে স্টেটমেন্ট নিজের ইচ্ছেমত ফিল্টার করে নেওয়া যায়। কাজ শেষে ভয়েস দিয়ে লগ-আউট করা যায় হাতের কোনো স্পর্শ ছাড়াই। এ যেন সায়েন্স ফিকশনের বাস্তব রূপ।
ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ বহুদিন ধরেই স্মার্ট ব্যাংকিংয়ের একটি নির্ভরযোগ্য মাধ্যম। বিল পেমেন্ট, ফান্ড ট্রান্সফার, রেমিট্যান্স সংগ্রহসহ বিভিন্ন সেবার কারণে অ্যাপটি ইতোমধ্যেই দেশের অন্যতম জনপ্রিয় ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম। বর্তমানে প্রায় ৫৭ লাখ গ্রাহক সেলফিন ব্যবহার করছেন।
বর্তমানে সেলফিন ইকো ব্যবহারকারীর কণ্ঠস্বর আরও নিখুঁতভাবে শনাক্ত করার জন্য শেখার ধাপে রয়েছে। প্রাথমিক পর্যায়ে পিন ও ওটিপি ম্যানুয়ালি প্রদান করতে হবে, ভবিষ্যতে এই ধাপগুলোও স্বয়ংক্রিয় করার উদ্যোগ নেওয়া হবে।
কর্পোরেট সংবাদ
বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ও বই উপহার আইএফআইসি ব্যাংকের
প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি উদ্যোগের আওতায় আইএফআইসি ব্যাংক দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণের কার্যক্রম পরিচালনা করছে। সেই ধারাবাহিকতায় গত বুধবার (২৬ নভেম্বর) বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুরের শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার ও বই বিতরণ করা
হয়।
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে ট্রেড সার্ভিস সেন্টার ১ এর সিনিয়র ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমানসহ প্রধান কার্যালয়ের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ফজলুল হক লিলু সহ অন্যান্য সম্মানিত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীগণ।
নারী শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলা এবং একটি প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য তাদের প্রস্তুত করাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য। ২০২৪ সাল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের আওতায় ইতোমধ্যে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও বই প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান।
সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল, ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
কর্পোরেট সংবাদ
এনআরবিসি ব্যাংকে আইএফআরএস-৯ বিষয়ক কর্মশালা
এনআরবিসি ব্যাংক ‘ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস’ (আইএফআরএস-৯) বিষয়ক কর্মশালার আয়োজন করে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) হিউম্যান রিসোর্স অ্যান্ড ট্রেনিং ডেভেলপমেন্ট সেন্টারে (এইচআরটিডিসি) আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান।
আন্তর্জাতিক নিরীক্ষক প্রতিষ্ঠান কেপিএমজি শ্রীলঙ্কার পার্টনার রদিথা আলহাকুন “আইএফআরএস ৯- ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস” বাস্তবায়নের ধাপসমূহ, বিশেষ করে সম্ভাব্য ঋণ ক্ষতি (ইসিএল) মডেল ভিত্তিক ঋণ শ্রেণীকরণ ও শ্রেণীকৃত ঋণের বিপরীতে প্রভিশন বিষয়ে একটি প্রেজেন্টেশন প্রদান করেন। বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মত ব্যাংকিংখাতে আইএফআরএস-৯ কার্যকরের নির্দেশনা প্রদান করে নীতিমালা জারি করেছে।
ড. মো. তৌহিদুল আলম খান বলেন, এই নীতিমালার বাস্তবায়ন বাংলাদেশের ব্যাংকগুলো যেভাবে ঋণঝুঁকি মূল্যায়ন ও ব্যবস্থাপনা করবে তাতে কাঠামোগত পরিবর্তন আনবে। এটি আমাদের প্রচলিত নিয়ম-ভিত্তিক কাঠামো থেকে বৈশ্বিক মানসম্মত ‘ফরোয়ার্ড-লুকিং স্ট্যান্ডার্ডে’ রূপান্তরের সূচনা। এটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সম্ভাব্য ঋণ ক্ষতি (ইসিএল) মডেল বাস্তবায়নের জন্য প্রথম পূর্ণাঙ্গ পদক্ষেপ গ্রহণ।
কেপিএমজি বাংলাদেশের সহযোগী পরিচালক নাজিব উল্লাহ বিশেষ অতিথি ছিলেন এবং ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের প্রধানগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্পোরেট সংবাদ
কক্সবাজারে স্কুল শিক্ষার্থীদের জন্য বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সম্প্রসারণ
শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং সৃজনশীল চিন্তাভাবনায় উৎসাহিত করতে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত দেশজুড়ে বইপড়া কর্মসূচি এবার সম্প্রসারিত হলো কক্সবাজারে। এই কর্মসূচির আওতায় এ বছর সারাদেশের ৩৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪০ হাজার বই বিতরণ করা হবে।
এরই অংশ হিসেবে সম্প্রতি কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কক্সবাজারের বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়, কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কক্সবাজার মডেল হাই স্কুলের শিক্ষার্থীদের জন্য বই দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আঃ মান্নান। এসময় আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সচিব ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সাবেক ট্রাস্টি খোন্দকার মো. আসাদুজ্জামান ও বিকাশ এর রেগুলেটরি এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এর ভাইস-প্রেসিডেন্ট সায়মা আহসান সহ অনেকে।
বইপড়া কার্যক্রমকে আরও জনপ্রিয় করতে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য সমসাময়িক বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে, ৪০ জন কুইজ বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
পাঠ্য-পুস্তকের বাইরেও বই পড়ার অভ্যাস তৈরির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা যাতে পরিপূর্ণ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠার সুযোগ পায়, সে উদ্দেশ্যেই বিশ্বসাহিত্য কেন্দ্র দেশজুড়ে বই পড়া কর্মসূচি পরিচালনা করে আসছে। এই উদ্যোগকে আরও প্রসারিত ও কার্যকরী করতে ২০১৪ সাল থেকে বই পড়া কর্মসূচির সাথে যুক্ত আছে বিকাশ। এই কর্মসূচির আওতায় দেশজুড়ে এপর্যন্ত প্রায় ৪ লাখ বই বিতরণ করা হয়েছে যার মাধ্যমে প্রায় ৩,০০০ শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩ লাখের এর বেশি পাঠক উপকৃত হয়েছে।
কর্পোরেট সংবাদ
বিএপিএলসির নতুন সভাপতি রিয়াদ মাহমুদ, সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ
বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলী লিষ্টেড কোম্পানীজের (বিএপিএলসি) ২০২৬-২০২৭ কার্যকালের জন্য নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সংগঠনের নির্বাচন বিধিমালা ও তফসিল অনুসারে এবং নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ সভাপতি এবং সায়হাম কটন মিল্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
বিএপিএলসি দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর অন্যতম শীর্ষ ও প্রভাবশালী বাণিজ্যিক সংগঠন। সম্প্রতি বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫ অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছ ও অংশগ্রহণমূলক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- দেশ গার্মেন্টসের চেয়ারম্যান রোকেয়া কাদের, আমরা নেটওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ ফরহাদ আহমেদ, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান আলহাজ মো. নুরুন নেওয়াজ, শাহজালাল ইসলামি ব্যাংকের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, এশিয়া ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ইমাম শাহীন, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের চেয়ারম্যান শাহরিয়ার আহমেদ, এনার্জিপ্যাক পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়ূন রশিদ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামসুল ইসলাম, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক জিয়াদ রহমান, রবি আজিয়াটার পরিচালক শরীফ শাহ জামাল রাজ, পিপলস ইন্স্যুরেন্সের চেয়ারম্যান জাফর আহমেদ পাটওয়ারী, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক মো. শরীফ হাসান, সামিট পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম আখন্দ, রংপুর ফাউন্ড্রির পরিচালক চৌধুরী কামরুজ্জামান, প্রভাতী ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল ইসলাম, ইস্টার্ন ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান তারেক, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল কুমার সাহা এবং ই-জেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল এমরান।
এমকে




