অর্থনীতি
সৌদি স্ক্যানার স্থাপনের পর বেড়েছে পতেঙ্গার কার্গো হ্যান্ডলিং
মাসের পর মাস প্রত্যাশার তুলনায় কম পারফরম্যান্সের পর পতেঙ্গার কনটেইনার টার্মিনালে কনটেইনার হ্যান্ডলিং এবং জাহাজ আগমনে ধারাবাহিক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। আগামী বছরের জুন নাগাদ টার্মিনালটির কার্যক্রম পূর্ণ সক্ষমতায় পৌঁছানোর কথা রয়েছে।
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একটি আমদানি স্ক্যানার—যা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সরবরাহ করতে ব্যর্থ হওয়ার পর বিদেশি অপারেটর রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটিআই) নিজস্ব অর্থায়নে ৩০ লাখ মার্কিন ডলার ব্যয়ে গত মে মাসে এনে স্থাপন করে। এই স্ক্যানার টার্মিনালের জন্য একটি টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। অবশ্য গ্যান্ট্রি ক্রেনসহ অন্যান্য নতুন সরঞ্জাম এখনও আনা হচ্ছে।
চলতি বছরের মে পর্যন্ত টার্মিনালটি শুধু রপ্তানি কনটেইনারই পরিচালনা করতে পারত। মে থেকে অক্টোবর—এই পাঁচ মাসে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল ১ লাখ ৮ হাজার ২২৮ টিইইউএস কনটেইনার পরিচালনা করেছে; যা এর প্রথম ১৬ মাসের মোট কার্গো হ্যান্ডলিংয়ের প্রায় দুই-তৃতীয়াংশের সমান।
মাসওয়ারি কার্গো হ্যান্ডলিংও স্থিরভাবে বেড়েছে—মে মাসে ১৩,৩১৪ টিইইউএস, জুনে ১৪,৫২৭ টিইইউএস এবং জুলাইয়ে ১৫,৩৯৬ টিইইউএস হ্যান্ডলিংয়ের পর আগস্টে তা অনেকটা বেড়ে ২২,৬৩৬ টিইইউএসে পৌঁছায়—যা টার্মিনালটির সর্বোচ্চ মাসিক কার্গো হ্যান্ডলিং। সেপ্টেম্বর মাসে এ কার্যক্রম কমে ১৭,৩৩৭ টিইইউএসে নামলেও— অক্টোবরে আবার ঘুরে দাঁড়িয়ে নতুন রেকর্ড ২৫,০১৮ টিইইউএস স্পর্শ করে।
সৌদি প্রতিষ্ঠান আরএসজিটিআইয়ের মাধ্যমে ২০২৪ সালের জুন থেকে ২২ বছরের কনসেশন চুক্তিতে পরিচালিত এই টার্মিনাল এখনো বড় ধরনের কনটেইনার দক্ষভাবে হ্যান্ডল করার জন্য আধুনিকায়নের মধ্য দিয়ে যাচ্ছে, যাতে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের জাহাজ বা কনটেইনারের জট কমানো যায়।
এই প্রবৃদ্ধি টার্মিনালে জাহাজ আগমন বেড়ে যাওয়াও এ প্রবৃদ্ধিকে তুলে ধরে। ফলে রপ্তানি কার্গোর প্রবাহ আরও পূর্বানুমানযোগ্য হয়ে উঠেছে। শুধু আগস্ট মাসেই সাতটি জাহাজ ভিড়েছে। আর ছয় মাসে রপ্তানি কনটেইনারের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩,৩৩২ টিইইউএস, যার তুলনায় আমদানি কার্গো ৫৪,৮৯৬ টিইইউএস সামান্য বেশি।
সাম্প্রতিক সময়ের প্রবৃদ্ধি সত্ত্বেও পতেঙ্গা কনটেইনার টার্মিনাল এখনও এর নকশাগত সক্ষমতার অনেক নিচে চলছে। আগস্টের সর্বোচ্চ পর্যায়ে টার্মিনালটি মাসিক ৪১,৭০০ টিইইউএস তাত্ত্বিক সক্ষমতার মাত্র ৫৪ শতাংশই ব্যবহার করতে পেরেছে। সেপ্টেম্বর তা নেমে আসে প্রায় ৪২ শতাংশে এবং অক্টোবর আবার ৪৯ শতাংশে পৌঁছায়।
বন্দর কর্তৃপক্ষ বলছে, নতুন টার্মিনালে অনেক শিপিং লাইন এখনো নিয়মিত জাহাজ শিডিউল করছে না—এ ধরনের সীমাবদ্ধতা এই প্রাথমিক পর্যায়ের জন্য স্বাভাবিক ঘটনা।
আরএসজিটিআই জানিয়েছে, ধীরে ধীরে কার্যক্রম বাড়ার বিষয়টি চলমান সরঞ্জাম স্থাপন ও কনসেশন চুক্তির অন্তর্ভুক্ত দুই বছরের উন্নয়ন পর্যায়েরই অংশ।
ইতোমধ্যে ১৪টি রাবার-টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেন এসে পৌঁছেছে। সেগুলো এখন কমিশনিংয়ের কাজ চলছে, আর চারটি শিপ-টু-শোর (এসটিএস) গ্যান্ট্রি ক্রেন ২০২৬ সালের জুনের মধ্যে চালু হওয়ার কথা। অপারেটর বলছে, ২০২৬ সালের মধ্যভাগে টার্মিনাল পুরো সক্ষমতায় পৌঁছাবে।
কার্গো হ্যান্ডলিং এখনো কেন সক্ষমতার নিচে রয়েছে—এ প্রশ্নের উত্তরে আরএসজিটি চট্টগ্রামের কমার্শিয়াল ও পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের প্রধান সৈয়দ আরেফ সরওয়ার বলেন, প্রথম নয় মাস আমরা শুধু রপ্তানি কনটেইনার হ্যান্ডল করেছি। স্ক্যানার না থাকায় আমদানি কার্গো নিতে পারিনি, তাই সংখ্যা কম ছিল।
তিনি বলেন, এনবিআরকে বারবার অনুরোধ করেও স্ক্যানার না পাওয়ায় আমরা নিজেদের অর্থে স্ক্যানার স্থাপন করি এবং মে মাসে আমদানি কার্যক্রম শুরু করি। এরপর থেকেই আমাদের হ্যান্ডলিং গতি পেয়েছে। অক্টোবরে ১৪টি আরটিজি এসেছে, এর মধ্যে চারটি ইতোমধ্যে কমিশনিং সম্পন্ন হয়েছে। আগামী বছরের এপ্রিল মাসে আমরা এসটিএস গ্যান্ট্রি ক্রেন পাব এবং জুনের মধ্যে সেগুলো চালু হবে। আমরা নির্ধারিত সময়ের আগেই কাজ এগিয়ে নিচ্ছি। ২০২৬ সালের জুনে ফুল অপারেশনে যেতে পারব, এই পূর্ণ সক্ষমতাকেই আমরা কাজে লাগাতে চাই। সবকিছু পরিকল্পনামাফিক চললে, ২০২৬ সালে আমরা সাড়ে ৪ লাখ টিইইউএস পরিচালনার প্রত্যাশা করছি, তিনি যোগ করেন।
তবে সেই লক্ষ্যের পথে কিছু বাধার বিষয়ও তুলে ধরে আরেফ সরওয়ার বলেন, একটি ট্রেইলারের ডেলিভারি অর্ডার নিয়ে কনটেইনার লোড করে স্ক্যানারে পৌঁছাতে মাত্র ১৫ মিনিট লাগে। কিন্তু স্ক্যানিংয়ের পর কাস্টমস কর্মকর্তারা ট্রেইলার ছাড়তে ঘণ্টার পর ঘণ্টা সময় নেন—এতে লিড টাইম বেড়ে যায়।
তিনি জানান, পতেঙ্গা কনটেইনার টার্মিনাল ইতোমধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বা সিপিএ-পরিচালিত টার্মিনালগুলোর তুলনায় দ্রুতগতিতে কাজ করছে, সিপিএ ঘণ্টায় ২৭ মুভস করলেও পতেঙ্গায় হচ্ছে ৪৭ মুভস। তবে যানবাহন ছাড়তে বিলম্ব হওয়ায় সামগ্রিক পারফরম্যান্সে প্রভাব পড়ছে।
সরওয়ার আরও বলেন, টার্মিনালটি শুরুতে এলসিএল (লেস দ্যান কনটেইনার লোড) কনটেইনার নিয়ে সমস্যায় পড়েছিল সীমিত স্টোরেজ সক্ষমতার কারণে। “আমাদের মাত্র ১০০ টিইইউএস সক্ষমতার একটি শেড ছিল, যা সম্প্রতি ৩০০ টিইইউএসে সম্প্রসারণ করেছি। কাস্টমস এজেন্ট এবং পরিবহন শ্রমিকদের জন্য ফ্যাসিলিটিও যোগ করেছি। তবে আমাদের কঠোর কমপ্লায়েন্স প্রক্রিয়া নিয়ে লোকজন অভিযোগ করে।
তিনি বলেন, আমরা ব্যবসা করতে এসেছি, আর আমাদের ব্যবসা কনটেইনার হ্যান্ডলিংয়ের ওপর নির্ভরশীল। যত বেশি কনটেইনার হ্যান্ডল করব, ব্যবসাও তত বাড়বে। আগামী বছর আমরা সক্ষমতার বেশি হ্যান্ডল করার লক্ষ্য নিয়ে এগোচ্ছি।
অর্থনীতিবিদ মইনুল ইসলাম বলেন, সব সরঞ্জাম স্থাপনের পর সৌদি অপারেটর টার্মিনালকে পুরোপুরি কাজে লাগানোর সুযোগ পাবে। তারা যদি সেটা করতে পারে, তাহলে চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমবে। এটি একটি আশাব্যঞ্জক প্রকল্প, তবে আগামী বছরগুলোতে এটি কেমন পারফর্ম করে—তাও দেখার বিষয়।
এবিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার এবং মুখপাত্র এইচ এম কবির বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। তবে খোঁজ নিয়ে আপনাকে জানাতে পারব।
অর্থনীতি
একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত সময়ের ব্যাপার মাত্র: বাংলাদেশ ব্যাংক
নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। এ বিষয়ে গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি বলেন, একীভূত হওয়া পাঁচ ব্যাংকের সব তথ্য নতুন ব্যাংকের ডাটাবেসে যুক্ত করা হবে। পুরোনো সব গ্রাহকই এখন নবগঠিত ব্যাংকের গ্রাহক হিসেবে বিবেচিত হবেন। নতুন ব্যাংকের আইটি ও এইচআর কাঠামো গড়ে তোলার কাজ চলমান। প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের আইটি টিম তাদের সহায়তা করবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।
আরিফ হোসেন খান বলেন, প্রথমে যে ব্যাংকের গ্রাহক তিনি তার নিজের ব্যাংক থেকেই টাকা পাবেন। এক ব্যাংকের গ্রাহককে অন্য ব্যাংক থেকে টাকা দেওয়ার প্রশ্নই আসে না। ডেটা স্থানান্তর সম্পন্ন হলেই ধাপে ধাপে টাকা ফেরত দেওয়া শুরু হবে।
নির্দিষ্ট তারিখ ঘোষণা না করার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আজ যদি বলি ১৭ ডিসেম্বর থেকে টাকা দেওয়া হবে, তাহলে সেদিন পাঁচ ব্যাংকের সব শাখায় ভয়াবহ ভিড় তৈরি হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও সেটি সামাল দেওয়া কঠিন হবে। তাই তারিখ ঘোষণা না করে ধীরে ধীরে টাকা দেওয়া হবে।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, নতুন কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নতুন ব্যাংকের নামে বাংলাদেশ ব্যাংকে যে কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয়েছে, তাতে ২০ হাজার কোটি টাকা এরই মধ্যে জমা দেওয়া হয়েছে। ফলে টাকা ফেরত দিতে আর কোনো বাধা নেই।
গ্রাহকদের উদ্দেশ্যে তিনি বলেন, যাদের খুব প্রয়োজন, তারা টাকা তুলবেন। কিন্তু যার প্রয়োজন নেই, শুধু অন্য ব্যাংকে সরানোর উদ্দেশ্যে উত্তোলন না করাই ভালো। সবাই অপ্রয়োজনে টাকা তুলতে গেলে নতুন ব্যাংকটি ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে না।
সবশেষ তিনি নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রতি আস্থা রাখতে গ্রাহকদের প্রতি আহ্বান জানান।
অর্থনীতি
প্রথমবার মুনাফা দিল দেশের প্রথম স্যাটেলাইট
২০১৮ সালে বিশাল প্রত্যাশা নিয়ে উৎক্ষেপণের পর টানা কয়েক বছর লোকসানে ছিল দেশের প্রথম স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট-১। তবে ২০২৪-২৫ অর্থবছরে এসে প্রথমবারের মতো স্যাটেলাইটটি লাভের মুখ দেখেছে। আর এই মুনাফা এসেছে সক্ষমতার মাত্র অর্ধেক ব্যবহার করেই।
স্যাটেলাইটটি পরিচালনাকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) সদ্য সমাপ্ত অর্থবছরে ৩৮.৩৫ কোটি টাকা নিট মুনাফা করেছে। এর মাধ্যমে বিগত বছরগুলোর ধারাবাহিক লোকসান কাটিয়ে উঠেছে কোম্পানিটি। গত ১ ডিসেম্বর কোম্পানির পর্ষদ সভায় নিরীক্ষিত হিসাব অনুমোদন করা হয়।
এই তথ্য বলছে, প্রতিষ্ঠানটি ধীরে ধীরে নিজেদের বাজার খুঁজে পাচ্ছে। গত বছরের তুলনায় আয় ৯.২৪ শতাংশ বেড়ে ১৮৭.০৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। এই আয়ের মূল উৎস হলো টেলিভিশন চ্যানেল, রেডিও স্টেশন, ডিটিএইচ অপারেটর, সশস্ত্র বাহিনী ও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কাছে ব্যান্ডউইথ বিক্রি। স্যাটেলাইটের মোট ৪০টি ট্রান্সপন্ডারের মধ্যে ২৬টি এখন বাণিজ্যিকভাবে সক্রিয় রয়েছে।
বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমাদুর রহমান বলেন, ‘দেশে-বিদেশে অব্যবহৃত ক্যাপাসিটি বিক্রি করার জন্য আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি।’
তিনি জানান, এজন্য আলাদা বাণিজ্যিক দল গঠন করা হয়েছে এবং সেবার মান বাড়াতে বিনিয়োগ করা হয়েছে। পাশাপাশি ব্যয় ব্যবস্থাপনা, দক্ষতা বৃদ্ধি ও পরিচালন ব্যবস্থায় কঠোর শৃঙ্খলা মেনে চলায় প্রতিষ্ঠানটি স্থিতিশীল হতে পেরেছে।
তারপরও বিএসসিএল বর্তমানে তাদের স্যাটেলাইটের সক্ষমতার মাত্র ৫০ শতাংশ ব্যবহার করছে। ইমাদুর রহমান বলেন, ‘বিশ্বব্যাপী কোনো স্যাটেলাইটের ৮০ শতাংশ সক্ষমতা ব্যবহৃত হলে সেটিকে সফল হিসেবে গণ্য করা হয়। আমাদের লক্ষ্য হলো ব্যবহারের হার সেই পর্যায়ে উন্নীত করা।’
স্টারলিংকের অনুমোদিত রিসেলার হিসেবে কাজ করার সুযোগ কোম্পানিটির জন্য বড় সম্ভাবনা হতে পারে। ইমাদুর রহমান মনে করেন, সঠিকভাবে পরিচালনা করা গেলে এই অংশীদারিত্ব বিএসসিএলের সামগ্রিক ব্যবসায়িক অবস্থানকে আরও শক্তিশালী করবে।
চলতি বছরে এই ঘুরে দাঁড়ানোর পেছনে একাধিক কারণ রয়েছে। বিএসসিএল প্রথমবারের মতো ২.৬১ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। অন্যদিকে, এফডিআর ও ব্যাংক আমানত থেকে আসা আয়ের ফলে অপরিচালন মুনাফা ৫৮ শতাংশ বেড়ে ৫৮.০৬ কোটি টাকায় পৌঁছেছে—যা মূলত নিট মুনাফায় বড় ভূমিকা রেখেছে। কোম্পানিটি ট্রান্সপন্ডার ও ব্যান্ডউইথ ব্যবহারের জন্য মাসিক ফি নিয়ে থাকে, যা ব্যান্ড ও সেবার ধরন অনুযায়ী ভিন্ন হয়।
সম্প্রচার সেবার বাইরেও বিএসসিএল এখন স্যাটেলাইটভিত্তিক ডেটা সংযোগ, নৌ ও বিমান চলাচল সেবা, জরুরি যোগাযোগ এবং সরকারি-বেসরকারি গ্রাহকদের জন্য কাস্টমাইজড সমাধানে কার্যক্রম সম্প্রসারিত করছে। কর্মকর্তারা বলছেন, আয়ের টেকসই ভিত্তি তৈরির জন্য সেবার এই বহুমুখীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দীর্ঘমেয়াদে সক্ষমতা বাড়াতে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করেছে বিএসসিএল। এর উদ্দেশ্য দক্ষ স্যাটেলাইট প্রকৌশলী ও মহাকাশ প্রযুক্তিবিদ তৈরি করা।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে ২০১৭ সালে বিএসসিএল গঠিত হয়। ২০১৮ সালে স্যাটেলাইট উৎক্ষেপণের পর এটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরু করে।
তাদের পরবর্তী লক্ষ্য এখনই দৃশ্যমান। সরকার বাংলাদেশ স্যাটেলাইট-২-এর সম্ভাব্যতা যাচাই করছে। দ্বিতীয় স্যাটেলাইটটি আবহাওয়ার পূর্বাভাস, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, রিমোট সেন্সিং ও জাতীয় নিরাপত্তার মতো ক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহারে সহায়তা করতে পারে।
এমকে
অর্থনীতি
৫ ইসলামী ব্যাংকের গ্রাহকরা আমানত ফেরত পাবেন যেভাবে
সম্মিলিত ইসলামী পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দিতে বিশেষ স্কিমের খসড়া চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। স্কিম অনুযায়ী প্রথম ধাপে একজন গ্রাহক একবারে সর্বোচ্চ ২ লাখ টাকা তুলতে পারবেন। এই অর্থ দেওয়া হবে আমানত বিমা তহবিল থেকে। এরপর যাদের আমানত দুই লাখ টাকার বেশি, তারা প্রতি তিন মাসে সর্বোচ্চ ১ লাখ টাকা করে তুলতে পারবেন।
গভর্নর আহসান এইচ. মানসুরের সভাপতিত্বে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকে একীভূত হওয়া ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির’ চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়াকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চার ডেপুটি গভর্নর, পাঁচ সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংকের প্রশাসক এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
বৈঠকে থাকা বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, একীভূত ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। কারণ নতুন ব্যাংক থেকে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও এখনো সেই ব্যাংকের ডাটাবেজ তৈরি হয়নি এবং ব্যবস্থাপনা পরিচালকও নিয়োগ করা হয়নি। ফলে আইনি একটি বাধা দাঁড়িয়েছে। তবুও গভর্নর নির্দেশ দিয়েছেন—ডিসেম্বরের মধ্যেই টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে।
এমন পরিস্থিতিতে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে যেসব জটিলতা সৃষ্টি হয়েছে সেগুলো সমাধানে কি করা যায়, এসব বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি আমানতকারীদের টাকা ফেরত দিতে বিশেষ স্কিমের খসড়া চূড়ান্ত করা হয়।
কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, যেসব গ্রাহকের হিসাবে ২ লাখ টাকা বা এর কম আছে, স্কিম কার্যকর হওয়ার পর তারা পুরো টাকা একবারেই তুলতে পারবেন।
আর যাদের হিসাবে ২ লাখ টাকার বেশি রয়েছে, তারা প্রতি তিন মাস অন্তর সর্বোচ্চ ১ লাখ টাকা করে দুই বছর পর্যন্ত তুলতে পারবেন।
তবে ৬০ বছরের বেশি বয়সী গ্রাহক অথবা ক্যানসার বা জটিল রোগে আক্রান্ত আমানতকারীদের জন্য এই সীমা শিথিল রাখা হয়েছে—তারা প্রয়োজন অনুযায়ী যেকোনো পরিমাণ টাকা তুলতে পারবেন।
এদিকে প্রয়োজন ছাড়া টাকা তুলতে নিরুসাহিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। তারা বলছেন ব্যাংকটি সম্পূর্ণ নতুন হওয়ায় মৌলিকভাবে কোনো জটিলতা নেই। তাই সবার টাকা তোলা বাধ্যতামূলক নয়; তবে কেউ চাইলে স্কিম অনুযায়ী তুলতে পারবেন। এই স্কিমের মূল লক্ষ্য হলো আমানতকারীদের মধ্যে তৈরি হওয়া আস্থাহীনতা দূর করা এবং ধাপে ধাপে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা।
স্কিমের সুবিধা পেতে গ্রাহকের অবশ্যই জাতীয় পরিচয়পত্রের বিপরীতে খোলা বৈধ হিসাব থাকতে হবে। এক ব্যাংকে একাধিক হিসাব থাকলেও একজন গ্রাহক একটি হিসাব থেকেই এ সুবিধা পাবেন। তবে পাঁচ ব্যাংকে একজনের আলাদা আলাদা হিসাব থাকলে প্রতিটি হিসাবের বিপরীতে পৃথকভাবে টাকা পাওয়ার সুযোগ থাকবে। যেসব আমানতকারীর ঋণ রয়েছে, তারা ঋণ সমন্বয় না করা পর্যন্ত স্কিমের আওতায় টাকা তুলতে পারবেন না।
গত আওয়ামী লীগ সরকারের সময়ে কয়েকটি প্রভাবশালী গ্রুপ জালিয়াতির মাধ্যমে ডজনখানেক ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ তুলে নেয়। এসব অনিয়ম ও ঋণ কেলেঙ্কারির চাপেই ব্যাংকগুলো ধীরে ধীরে গভীর সংকটে পড়ে। এরমধ্যে সংকটে থাকা পাঁচটি ব্যাংক একত্রিত করে ‘সম্মিলিত ইসলামি ব্যাংক’ গঠনের অনুমতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো হলো– এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক।
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে বাকি ১৫ হাজার কোটি টাকা। অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, পাঁচ ব্যাংকে বর্তমানে ৭৫ লাখ আমানতকারীর প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। বিপরীতে ঋণ রয়েছে ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা, যার বড় অংশ ইতোমধ্যে খেলাপি হয়ে পড়েছে।
সারা দেশে এসব ব্যাংকের ৭৬০টি শাখা, ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৯৭৫টি এটিএম বুথ রয়েছে। একীভূত হওয়ার পর একই এলাকার একাধিক শাখা মিলে একটি বা দুটি করা হবে। ব্যাংকগুলোর পরিচালন খরচ কমাতে এরই মধ্যে কর্মীদের বেতন–ভাতা ২০ শতাংশ কমানো হয়েছে।
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য প্রাথমিকভাবে রাজধানীর মতিঝিল সেনা কল্যাণ ভবনে অফিস নেওয়া হয়েছে। এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল শাখায় একটি চলতি হিসাব খোলা হয়েছে। শিগগিরই পরিচালনা পর্ষদ গঠন ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হবে। এর আগে বিভিন্ন প্রক্রিয়া শেষে ৫ নভেম্বর প্রশাসক নিয়োগ ও ব্যাংকগুলোর শেয়ার শূন্য ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক।
এমকে
অর্থনীতি
হজযাত্রীদের বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক অব্যাহতি
২০২৬ সালের হজযাত্রীদের বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। হজের ব্যয় হ্রাস করতে এবং ধর্মপ্রাণ সাধারণ মানুষের হজ পালনের আকাঙ্ক্ষা পূরণ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থাটি। এর আগে রোববার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
হজ পালনের ব্যয় হ্রাসের অভিপ্রায় বাস্তবায়নের স্বার্থে ২০২৫ সালের মতো ২০২৬ সালের হজ পালনের লক্ষ্যে সৌদি আরব গমনকারী যাত্রীদের বিমান টিকিটের ওপর প্রযোজ্য আবগারি শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে।
এতে করে প্রত্যেক হজযাত্রীর পবিত্র হজ পালনে সৌদি আরবে যাওয়া এবং আসা বাবদ বিমান টিকিটের খরচ প্রায় ৫ হাজার টাকা খরচ সাশ্রয় হবে।
অর্থনীতি
সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা
সচিবালয়ে কর্মরত সবার জন্য ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। বিকেল ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীরা অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।
সরেজমিনে দেখা যায়, দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত প্রায় ৩০০ থেকে ৪০০ নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ে জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের তৃতীয় তলায় অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নেন এবং তাকে অবরুদ্ধ করেন। এ সময় হ্যান্ড মাইকে তারা সচিবালয় ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে
সচিবারয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সচিবালয়ে কর্মরত সব ধরনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে এই আন্দোলন চলছে। উপদেষ্টা, মন্ত্রী ও সচিবরা রাতে যতক্ষণ অফিসে থাকেন, ততক্ষণ আমাদেরও থাকতে হয়। অথচ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা পে-স্কেলের বাইরে নানা ধরনের ভাতা পেলেও আমরা তা থেকে বঞ্চিত।
আন্দোলনকারীরা গণমাধ্যমকে জানান, এর আগে রেশনের দাবিতেও তারা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিলেন। তখন তিনি বিবেচনার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। এছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ্য ভাতা চালুর ঘোষণা দিয়েও সরকার তা কার্যকর করেনি। নতুন পে-কমিশন গঠন করা হলেও বর্তমান সরকার তা বাস্তবায়ন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থ উপদেষ্টা। এসব পুঞ্জীভূত ক্ষোভ থেকেই আজকের এই অবরোধ কর্মসূচি।




