জাতীয়
জুলাই গণঅভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দাখিল
জুলাই মাসে ছাত্র ও জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনাগুলোয় দায়ের মামলার মধ্যে এখন পর্যন্ত ১০৬টির চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ। এর মধ্যে ৩১টি হত্যা মামলা এবং বাকি ৭৫টি অন্য ধারায়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চার্জশিটকৃত ৩১টি হত্যা মামলা পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কুড়িগ্রাম, শেরপুর জেলা এবং পিবিআই, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের। অন্যান্য ধারার ৭৫টি মামলা পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, বরগুনা জেলা এবং পিবিআই, সিআইডি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের এসব মামলার সঠিক তদন্ত নিশ্চিত করতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা প্রতিটি মামলা তদারকি করছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। অন্য মামলার তদন্ত দ্রুত শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৭৩(এ) ধারায় বৈষম্যবিরোধী ৪৩৭টি মামলায় মোট ২ হাজার ৮৩০ জনকে অব্যহতির জন্য আদালতে অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।
জাতীয়
তফসিল ঘোষণা, নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা শুরু করেছেন। এই ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশে নির্বাচনী কার্যক্রম শুরু হলো। দেশজুড়ে রাজনৈতিক দল, ভোটার এবং সাধারণ মানুষ জাতীয় নির্বাচনের প্রক্রিয়ায় চূড়ান্তভাবে প্রবেশ করলো।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে একযোগে প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা শুরু হয়।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, সিইসি তার ভাষণে নির্বাচনের তারিখ, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, যাচাই-বাছাইয়ের সময়সূচি এবং প্রতীক বরাদ্দের দিনক্ষণ ঘোষণা করছেন। এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হলো।
সিইসি তার ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছেন। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই দিনটি দেশের প্রায় ১৩ কোটি ভোটারের জন্য তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের দিন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এরপরই কঠোরভাবে শুরু হবে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া, যা সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের পর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন। এই সময় থেকে প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি নিয়ে জনগণের দ্বারে দ্বারে যেতে পারবেন।
ইসি আরও জানিয়েছে, তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কমিশনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে চিহ্নিত ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করার প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে ইসি।
ইতোমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা ও ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। যেন ঘোষিত তফসিলের আলোকে প্রায় ১২ কোটি ৭৬ লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারেন। সেজন্য ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রে সব ধরনের প্রস্তুতি শুরু হচ্ছে।
তফসিল ঘোষণার ঘোষণা আসার সঙ্গে সঙ্গে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে তৎপরতা বেড়েছে। যেখানে নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে মাঠের রাজনীতিতে অংশ নিতে যাওয়া দলগুলো। দেশের বিভিন্ন আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপি, এনসিপিসহ ইসির নিবন্ধিত দলগুলো পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের মাধ্যমে প্রতিশ্রুতির জানান দিচ্ছে।
জাতীয়
হুমকি-রক্তচক্ষুকে উপেক্ষা করে কাজ করার চেষ্টা করেছি: আসিফ মাহমুদ
সরকার থেকে পদত্যাগ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার তিনি বিদায়ি ক্যাবিনেট সভায় অংশ নিয়েছেন। ওই সভা থেকে বেরিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন সদ্য সাবেক এ উপদেষ্টা।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ বলেন, বিগত ষোলো মাসে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। নিজের সক্ষমতার সর্বোচ্চটা দিয়ে কাজ করার চেষ্টা করেছি। বাধা, হুমকি ও রক্তচক্ষুকে উপেক্ষা করে অবিচলভাবে কাজ করার চেষ্টা করেছি।
তিনি বলেন, আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের সমর্থনে জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিটের ওপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করেছি। অনেক উদ্যোগ, কাজের প্রশংসা কিংবা সমালোচনা আছে। তবে আপনারা যা দেখেছেন তা হলো End result। বাস্তবায়নে নেপথ্যের পরিশ্রমটা অনেক কঠিন ও কষ্টসাধ্য ছিল।
তিনি আরো বলেন, গণ-অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে নীতির ওপর অবিচল থেকে কাজ করতে গিয়ে অনেক শক্তিশালী ব্যক্তি, গোষ্ঠীর শত্রুতে পরিণত হয়েছি। বিভিন্নভাবে তাদের প্রতিশোধ, রোষানলের শিকার হতে হয়েছে এবং ভবিষ্যতেও হতে হবে হয়তো। তবে আপনাদের যেই ভালোবাসা, সমর্থন ও আস্থা পেয়েছি তাতে এসবে আর ভয় পাই না। আমার শক্তি আমার জনগণ।
জাতীয়
মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার
সরকার মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি জানান।
জাতীয়
নাগরিকদের বাংলাদেশসহ চার দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা
বাংলাদেশসহ চারটি দেশে ভ্রমণকারী মার্কিন নাগরিকদের জন্য লেভেল-২ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এসব দেশে অনিরাময়যোগ্য মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বেড়ে গেছে, কারণ হিসেবে এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রর (সিডিসি) বরাত দিয়ে এমন খবর জানিয়েছে ফক্স নিউজ।
সিডিসি জানিয়েছে, এই সতর্কতা কিউবা, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে কার্যকর থাকবে। প্রতিষ্ঠানটি এসব অঞ্চলে ভ্রমণকারীদের উন্নত সতর্কতা (Enhanced Precautions) অনুসরণের পরামর্শ দিয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, চিকুনগুনিয়ার কোনো নিরাময় নেই, তবে রোগটি টিকা প্রতিরোধযোগ্য। আক্রান্ত এলাকায় ভ্রমণের আগে টিকা গ্রহণের সুপারিশ করা হয়েছে। রোগটির সাধারণ উপসর্গের মধ্যে আছে জ্বর এবং তীব্র জয়েন্ট ব্যথা, যা অনেক ক্ষেত্রে দীর্ঘ মেয়াদে স্থায়ী হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে যে, কিছু রোগীর অবস্থা এতটাই গুরুতর হতে পারে যে অঙ্গহানি, তীব্র জটিলতা এবং মৃত্যুর ঝুঁকি তৈরি হয়, ফলে হাসপাতালে ভর্তির প্রয়োজন দেখা দিতে পারে।
ডব্লিউএইচও প্রকাশিত তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত বিশ্বব্যাপী ৪ লাখ ৪৫ হাজার সন্দেহভাজন ও নিশ্চিত চিকুনগুনিয়া কেস এবং ১৫৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
বাংলাদেশেও রোগটির ঝুঁকি বাড়ছে। একই সময়ে ঢাকায় ৭০০ সন্দেহভাজন কেস রিপোর্ট হয়েছে।
চীনের গুয়াংডং প্রদেশে এখন পর্যন্ত ১৬ হাজার স্থানীয়ভাবে সংক্রমিত কেস শনাক্ত হয়েছে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় প্রাদুর্ভাব। এ ছাড়া সিডিসি সতর্ক করেছে, ব্রাজিল, কলম্বিয়া, ভারত, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও থাইল্যান্ডে ভ্রমণকারী মার্কিন নাগরিকরাও চিকুনগুনিয়া সংক্রমণের বর্ধিত ঝুঁকিতে থাকতে পারেন।
জাতীয়
বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে নির্দেশনা
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। ১৬ ডিসেম্বর সকালে ভিভিআইপি ও ভিআইপিরা পুষ্পস্তবক অর্পণ এবং আমন্ত্রিত অতিথিরা জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ নির্দেশনা সম্পর্কে জানানো হয়েছে।
তথ্য বিবরণীতে বলা হয়েছে, দিবসটি উদযাপন উপলক্ষে ঢাকার গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো যাবে না।
ওইদিন সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের কোনোরূপ ক্ষতি না করার জন্য সর্বস্তরের জনগণকে আহ্বান জানানো হয়েছে।




