কর্পোরেট সংবাদ
সাউথইস্ট ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতা বিষয়ক কর্মসূচি
চট্টগ্রামের পতেঙ্গা অঞ্চলে অবস্থিত ১৮টি বিদ্যালয়ের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য এবং অভিভাবকদের অংশগ্রহণে “সাউথইস্টএডুফিন’র বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ পরিচিতি” শীর্ষক এক স্কুল ব্যাংকিং সচেতনতা ও সম্পৃক্ততা বিষয়ক কর্মসূচি আয়োজন করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি।
সম্প্রতি এই কর্মসূচিটি ব্যাংকের আগ্রাবাদ শাখার তত্ত্বাবধানে পতেঙ্গা উপশাখা কর্তৃক আয়োজন করা হয়, যার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সাক্ষরতা বৃদ্ধি এবং শিক্ষা খাতে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতা জোরদার করা।
উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন সাউথইস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুম উদ্দিন খান, আঞ্চলিক প্রধান (চট্টগ্রাম) মো. আবদুল মান্নান এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সাউথইস্টএডুফিন-একটি আধুনিক ও সমন্বিত শিক্ষা ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম, যার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে সহজতর করে। এটি ফি ব্যবস্থাপনা, উপস্থিতি নিরীক্ষণ, গ্রেড ব্যবস্থাপনা এবং অভিভাবক, শিক্ষকদের জন্য যোগাযোগ সুবিধাসহ উন্নত ফিচার প্রদান করে। শিক্ষার্থীরা সাউথইস্ট ব্যাংকের যে কোন শাখা, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং অন্যান্য ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্মের মাধ্যমে বেতন ও অন্যান্য ফি সহজে পরিশোধ করতে পারবে।
এছাড়াও, ব্যাংকের স্কুল ব্যাংকিং একাউন্ট “তারকা”, এর মাধ্যমে শিক্ষার্থীরা ন্যূনতম জমা, কোন রক্ষণাবেক্ষণ ফি ছাড়াই এবং আকর্ষণীয় মুনাফাসহ সঞ্চয় হিসাব খুলতে পারবে। এর মাধ্যমে ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে আর্থিক শৃঙ্খলা ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যাংক সর্বদা শিক্ষা খাতে ডিজিটাল রূপান্তর, যুবশক্তির ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধির লক্ষ্যে উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
এই উদ্যোগটি সাউথইস্ট ব্যাংক পিএলসির অঙ্গীকারেরই প্রতিফলন, যা আগামী প্রজন্মের আর্থিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা খাতে প্রযুক্তিনির্ভর, সহজ ও সুবিধাজনক আর্থিক সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল, ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন, শরী’আহ সুপারভাইজরি কাউন্সিলের চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমদ এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমানসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার এ সভায় অংশগ্রহণ করেন। সভায় ২০২৪ সালের আর্থিক বিবরণী অনুমোদন করা হয়।
প্রফেসর ড. এম জুবায়দুর রহমান সভাপতির ভাষণে বলেন, বিগত বছরগুলোতে ইসলামী ব্যাংক অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। একটি গোষ্ঠী দেশের শীর্ষ এ ব্যাংকটির ভিত্তিকে দুর্বল করে দিয়েছিল। তবে, ২০২৪ সালের ৫ আগস্টের পর গঠিত নতুন পরিচালনা পর্ষদ এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় এ ব্যাংক ঘুরে দাঁড়াতে শুরু করে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের সকল দায় পরিশোধ করেছে এ ব্যাংক। ২.৫ কোটি গ্রাহক ও সাধারণ মানুষের আস্থার কারণে এটি সম্ভব হয়েছে।
তিনি বলেন, ইসলামী ব্যাংক হচ্ছে গ্রাহকদের আস্থার প্রতীক। জুলাই বিপ্লবের পরে এ ব্যাংকটিকে পুনরুদ্ধার ও গ্রাহকস্বার্থ রক্ষার জন্য বাংলাদেশ ব্যাংক বর্তমান পরিচালকবৃন্দকে নিয়োগ দিয়েছে। পরিচালকবৃন্দ ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠা ও আর্থিক ভিত্তি শক্তিশালী করার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। তিনি এ ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য গ্রাহক ও শুভানুধ্যায়ীদেরকে কৃতজ্ঞতা এবং অনুপ্রেরণা দেয়ার জন্য শেয়ারহোল্ডারদেরকে ধন্যবাদ জানান।
কর্পোরেট সংবাদ
১১ মাসে ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ নেটওয়ার্কের ১৫ হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি
২০২৫ সালের প্রথম এগার মাসে ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ নেটওয়ার্ক ১৫ হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধির এক অনন্য মাইলস্টোন অর্জন করেছে। ডিপোজিট সংগ্রহে ব্যাংকিং খাতে এটি একটি উল্লেখযোগ্য অর্জন।
সাম্প্রতিক বছরগুলোতে ডিপোজিট প্রবৃদ্ধিতে ব্যাংকটি শক্তিশালী অবস্থান বজায় রেখেছে। জানুয়ারি-নভেম্বর ২০২৫ সময়ে এই অর্জন ব্যাংকটির টেকসই প্রবৃদ্ধি, শক্তিশালী ব্যালেন্স শিট এবং গ্রাহকদের অবিচল আস্থার প্রতিফলন।
গত ৬ ডিসেম্বর ঢাকায় ব্রাঞ্চ ম্যানেজার্স বিজনেস কনক্লেভ ২০২৫ অনুষ্ঠানে এই সাফল্য উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড (নর্থ) এ.কে.এম. তারেক, সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন, বিভিন্ন রিজিওনের রিজিওনাল হেড, ক্লাস্টার হেড এবং ব্রাঞ্চ ও সাব-ব্রাঞ্চ ম্যানেজাররা।
এমন মাইলফলক অর্জন নিয়ে তারেক রেফাত উল্লাহ খান বলেন, ধারাবাহিক ডিপোজিট প্রবৃদ্ধি শক্তিশালী ব্যালেন্স শিটের ভিত্তি। আমাদের প্রতি গ্রাহকদের অবিচল আস্থাই এই অর্জনে প্রধান ভূমিকা রেখেছে। সুশাসন, শক্তিশালী কমপ্লায়েন্স ও স্বচ্ছতার ভিত্তিতে দেশের সবচেয়ে আস্থার, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংক হতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই ভিত্তি ও প্রতিশ্রুতিই আমাদের সাফল্যের মূল চালিকাশক্তি।
দেশব্যাপী বিস্তৃত ব্রাঞ্চ নেটওয়ার্ক টিমের প্রচেষ্টা ও কর্মদক্ষতার প্রশংসা করে তিনি বলেন, আমাদের সহকর্মীদের পেশাদারিত্ব, গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এবং উৎকৃষ্ট সেবার ব্যাপারে দৃঢ় প্রতিশ্রুতি এই মাইলফলক অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
কর্পোরেট সংবাদ
বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ও বই উপহার আইএফআইসি ব্যাংকের
প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি উদ্যোগের আওতায় আইএফআইসি ব্যাংক দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণের কার্যক্রম পরিচালনা করছে। সেই ধারাবাহিকতায় গত বুধবার (২৬ নভেম্বর) বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুরের শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার ও বই বিতরণ করা
হয়।
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে ট্রেড সার্ভিস সেন্টার ১ এর সিনিয়র ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমানসহ প্রধান কার্যালয়ের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ফজলুল হক লিলু সহ অন্যান্য সম্মানিত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীগণ।
নারী শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলা এবং একটি প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য তাদের প্রস্তুত করাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য। ২০২৪ সাল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের আওতায় ইতোমধ্যে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও বই প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান।
সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল, ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
কর্পোরেট সংবাদ
এনআরবিসি ব্যাংকে আইএফআরএস-৯ বিষয়ক কর্মশালা
এনআরবিসি ব্যাংক ‘ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস’ (আইএফআরএস-৯) বিষয়ক কর্মশালার আয়োজন করে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) হিউম্যান রিসোর্স অ্যান্ড ট্রেনিং ডেভেলপমেন্ট সেন্টারে (এইচআরটিডিসি) আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান।
আন্তর্জাতিক নিরীক্ষক প্রতিষ্ঠান কেপিএমজি শ্রীলঙ্কার পার্টনার রদিথা আলহাকুন “আইএফআরএস ৯- ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস” বাস্তবায়নের ধাপসমূহ, বিশেষ করে সম্ভাব্য ঋণ ক্ষতি (ইসিএল) মডেল ভিত্তিক ঋণ শ্রেণীকরণ ও শ্রেণীকৃত ঋণের বিপরীতে প্রভিশন বিষয়ে একটি প্রেজেন্টেশন প্রদান করেন। বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মত ব্যাংকিংখাতে আইএফআরএস-৯ কার্যকরের নির্দেশনা প্রদান করে নীতিমালা জারি করেছে।
ড. মো. তৌহিদুল আলম খান বলেন, এই নীতিমালার বাস্তবায়ন বাংলাদেশের ব্যাংকগুলো যেভাবে ঋণঝুঁকি মূল্যায়ন ও ব্যবস্থাপনা করবে তাতে কাঠামোগত পরিবর্তন আনবে। এটি আমাদের প্রচলিত নিয়ম-ভিত্তিক কাঠামো থেকে বৈশ্বিক মানসম্মত ‘ফরোয়ার্ড-লুকিং স্ট্যান্ডার্ডে’ রূপান্তরের সূচনা। এটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সম্ভাব্য ঋণ ক্ষতি (ইসিএল) মডেল বাস্তবায়নের জন্য প্রথম পূর্ণাঙ্গ পদক্ষেপ গ্রহণ।
কেপিএমজি বাংলাদেশের সহযোগী পরিচালক নাজিব উল্লাহ বিশেষ অতিথি ছিলেন এবং ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের প্রধানগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।




